ঢাকার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ

ঝোড়ো বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, ঢাকার সদরঘাটের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদী বন্দরের সহকারী পরিচালক প্রথম আলোকে বলেন, আজ বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢাকা নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি থাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। আজ বেলা সাড়ে তিনটা থেকে এ নির্দেশ জারি করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
নৌ চলাচল বন্ধ ঘোষণার পর সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
সদরঘাটের পাশাপাশি কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে নৌ চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে এক ঘণ্টা বন্ধ ছিল।
বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, আজ দুপুর ২টা পর থেকে আকাশে মেঘ দেখা যায়। ক্রমেই চারপাশ অন্ধকার হয়ে আসে। এরপরে দুপুর সাড়ে ৩টার দিকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে নৌপথে দুর্ঘটনা এড়াতে ১৬টি ফেরি, ৮৫টি লঞ্চ ও আড়াই শ স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটের উভয় পারে পারাপারে অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাটর ব্যবস্থাপক সালাম হোসেন মিয়া বলেন, ঘাট এলাকায় ঝোড়ো হাওয়া আর বৃষ্টি থাকায় নৌপথে দুর্ঘটনা এড়াতে বুধবার দুপুর সাড়ে ৩টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ প্রথম আলোকে জানান, ঝোড়ো আবহাওয়ার কারণে বেলা সাড়ে তিনটা থেকে এক ঘণ্টা নৌ চলাচল বন্ধ থাকার আবার তা স্বাভাবিক হয়েছে।