ঢাকাসহ চার জেলায় বজ্রসহ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাতের প্রতীকী ছবি

এই ভরা বর্ষায় হঠাৎ গ্রীষ্মের মতো বজ্রপাত বেড়ে গেছে। রাজধানীসহ এর আশপাশের চার জেলায় বৃহস্পতিবার হঠাৎ বজ্রপাতসহ তুমুল বৃষ্টি হয়েছে। বজ্রপাতের প্রচণ্ড গর্জনে রাতের রাজধানীতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে বাংলা সেই প্রবাদ ‘যত গর্জে তত বর্ষে না’-এর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মূলত দেশের মধ্যাঞ্চলে টানা কয়েক দিন রোদের কারণে তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সে কারণে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। অর্থাৎ সারা দিন আকাশ মেঘমুক্ত ও রোদেলা থাকবে। কিন্তু হঠাৎ হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হবে। তবে তা বেশি সময় স্থায়ী হবে না। এরপর শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। ৮ আগস্ট থেকে বর্ষার অঝোর ধারার মতো বৃষ্টি নামবে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বর্ষাকালে সাধারণত দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত মেঘমালা তৈরি হয়। কিন্তু দুই দিন ধরে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলের আকাশে লম্বালম্বি বজ্রমেঘ তৈরি হয়েছিল। এ কারণে রাত সোয়া ৮টা থেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। শনিবার থেকে ধারাবাহিকভাবে বৃষ্টি বাড়তে থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, এক সপ্তাহ ধরে মৌসুমি বায়ু কিছুটা নিষ্ক্রিয় ছিল। এটি বৃহস্পতিবার আবার সক্রিয় হতে শুরু করেছে। ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে শুরু হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আর দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা আছে।

বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে, ৫৭ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।