ঢাকাসহ বিভিন্ন স্থানে জোরালো ভূমিকম্প

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার দুপুরে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড ধরে স্থায়ী ভূমিকম্পের সময় আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী (প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট) শহিদুল হাসানের তথ্যমতে, আজ বাংলাদেশ সময় দুপুর ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ড এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার দূরে, নেপালে। এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৫। এ ভূমিকম্পের পর ৬ দশমিক ৪ তীব্রতার আরেকটি ভূমিকম্প হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৯। তীব্রতা অনুযায়ী এটি শক্তিশালী ভূমিকম্প। এটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত
ভূমিকম্পে রাজধানীর মিরপুরে ডায়মন্ড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা ও বংশালে ছয়তলা একটি ভবন কিছুটা হেলে পড়েছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে শাহ আলম টাওয়ার নামের একটি ১০তলা বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনটি সিলগালা করে দিয়েছে ফায়ার সার্ভিস।
ভূমিকম্পে ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় এলাকায় ‘অলকা নদী বংলা’ নামের একটি বহুতল ভবন সামান্য হেলে পড়েছে। এতে একটি বিপণিকেন্দ্র রয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেনের ভাষ্য, ভূমিকম্পের সময় ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আতঙ্কে মহাসড়কে নেমে আসেন।
নওগাঁর পৌর মেয়র নাজমুল হকের ভাষ্য, ভূমিকম্পের পর শহরের গোস্তহাটির মোড় এলাকায় দুটি তিনতলা ভবন হেলে পড়ে। ভবনগুলো এলাকার শামসুল আলম ও আকতার হোসেনের।