ঢাকায় কমছে না শব্দ ও বায়ুদূষণ
রাজধানীর মোহাম্মদপুর থেকে মতিঝিলের একটি স্কুলে মোটরসাইকেলে সাত বছরের শিশু রায়হানকে নিয়ে নিয়মিত যাওয়া–আসা করতেন বাবা মিলটন হোসেন। তিনি জানালেন, এভাবে যাতায়াত করার ফলে প্রায়ই তাঁর শিশুর সর্দি–কাশিসহ নানা ধরনের রোগ দেখা দিত। যাওয়া–আসা করার ফলে পোশাক ধুলায় ময়লা হয়ে যাওয়ায় শিশুর পোশাকও ধুয়ে দিতে হয় প্রতিদিন। এ ছাড়া তাঁর শিশু প্রায়ই বলত যে রাস্তার গাড়ির শব্দে তার কান তালা লেগে যেত। এমন সব সমস্যার পর তিনি মোহাম্মদপুর থেকে বাধ্য হয়ে বাড়ি বদলে এখন মতিঝিলের আশপাশে বাড়ি ভাড়া নিয়েছেন। মিলটন হোসেনের মতো রাজধানীর অনেক মানুষ প্রতিদিন এসব সমস্যার মুখোমুখি হচ্ছে।
নগরবাসী অভিযোগ করেছেন, মেয়ররা নির্বাচিত হলে শব্দদূষণ ও ধুলাদূষণ রোধে কাজ করবেন বলেছিলেন। অথচ তাঁদের করপোরেশনের পানি ছিটানোর মতো কোনো বাহন নেই। বিভিন্ন দিকে নজর থাকলেও বায়ুদূষণ ও শব্দদূষণের মতো গুরুতর সমস্যার সমাধানের বিষয়ে কোনো পরিকল্পনা নেই ও সমাধানের উদ্যোগ নেই চোখে পড়ার মতো। এদিকে সিটি করপোরেশন কর্তৃপক্ষও স্বীকার করেছে, বায়ু ও শব্দদূষণকে প্রাধান্য দিয়ে সরকারের পক্ষ থেকে তাদের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়নি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে স্থাপিত আরবান ল্যাব পরিচালিত ‘নাগরিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, রাজধানীর প্রায় ২৫ শতাংশ মানুষ ফুসফুসের সমস্যায় ভুগছে। বায়ুদূষণের কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুসফুসের সমস্যাও বাড়ে। রাজধানী ও এর আশপাশের অনিয়ন্ত্রিত ইটভাটা, যানবাহন ও ট্যানারি এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে ঢাকার বাসিন্দাদের ফুসফুসের সমস্যা বাড়ছে।
গবেষণা ফলাফল উপস্থাপন করেন ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক মো. রুহুল আমিন। তিনি বলেন, ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে সূক্ষ্ম বস্তুকণার (পার্টিকেল ম্যাটার বা পিএম-২.৫) পরিমাণ ২০৯ পিএম, যা স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। কারণ, প্রতি ঘনমিটারে পিএমের স্বাভাবিক মাত্রা ১ থেকে ১২ পর্যন্ত।
গবেষণাটিতে দেখা যায়, বায়ুদূষণের কারণে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা ও শ্বাস-প্রশ্বাসের প্রদাহ (সিওপিডি) রোগ বেশি হচ্ছে। বায়ুদূষণ কমাতে রাজধানী ও এর আশপাশের ইটভাটা, যানবাহন ও ট্যানারিগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ দেওয়া হয়।
একই প্রতিষ্ঠানের অন্য এক গবেষণায় দেখা যায়, ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে সূক্ষ্ম বস্তুকণার (পার্টিকেল ম্যাটার বা পিএম-২.৫) পরিমাণ ২০৯ পিএম; যা স্বাস্থ্যের জন্য খুবই হুমকিস্বরূপ। কারণ, প্রতি ঘনমিটারে পিএমের স্বাভাবিক মাত্রা ১ থেকে ১২ পর্যন্ত। একটি শহরে শব্দের স্বাভাবিক মাত্রা থাকার কথা ৬০-৭০ ডেসিবেল। অথচ ঢাকার ছয়টি এলাকার শব্দের মাত্রা পর্যালোচনা করে সর্বনিম্ন ৬৩ ডেসিবেল এবং সর্বোচ্চ ২০৮ ডেসিবেল পাওয়া গেছে। যা শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, মানসিক অস্থিরতাসহ নানা রোগের সৃষ্টি করছে।
রাজধানীর পান্থপথের বাসিন্দা মো. মেহেদী বলেন, তাঁর বাসা প্রধান সড়কের পাশে। কিন্তু গভীর রাত গাড়ির হর্নের পর্যন্ত প্রচণ্ড শব্দে তার ঘুমের ব্যাঘাত হয়। বাড়িটি তাঁর নিজের হওয়ার কারণে ছেড়ে যাওয়ারও উপায় নেই।
সরেজমিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা গেছে, জ্যামে আটকে আছে গাড়ি। এরপরও অনেক সময় গাড়ির চালকেরা প্রয়োজন ছাড়াই অনবরত হর্ন দিয়েই যাচ্ছেন। এ বিষয়ে কোনো তদারকি না থাকায় এটি আরও বেশি করে ঘটছে বলে জানালেন কয়েকজন পথচারী। জ্যামে আটকে আছে তারপরও কেন হর্ন দিচ্ছেন—জানতে চাইলে ফার্মগেটে একটি ব্যক্তিগত গাড়ির চালক মো. মতিন বলেন, ‘অভ্যাস হইয়া গ্যাছে। অনেক সময় এমনিতেই হর্নে চাপ পইড়্যা যায়।’ তবে এভাবে অহেতুক হর্ন দেওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
দুই সিটি করপোরেশনের একাধিক সূত্র বলছে বায়ু ও শব্দদূষণের বিষয়ে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা তাদের বলা হয়নি। এ ছাড়া বিভিন্ন পর্যায় থেকে এসব দূষণের জন্য সচেতনতা তৈরি বা সরঞ্জাম কেনার ক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি শিগগির হচ্ছে না। তবে এসব বিষয় ভবিষ্যতে গুরুত্ব দেওয়ার কথা ভাবছে তারা।
বায়ু ও শব্দদূষণের বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের দায়িত্বে থাকা কর্মকর্তা তারিক বিন ইউসুফ বলেন, ‘এই বিষয়গুলো প্রাধান্য দেওয়ার বিষয়ে আমরা এখনো সরকারের পক্ষ থেকে তেমন কোনো নির্দেশনা পাইনি।’ তবে তিনি স্বীকার করেন, ঢাকায় বিভিন্ন ভবন নির্মাণ থেকে যে পরিমাণ ধুলা নির্গত হয়, তা কমানোর বিষয়ে সচেতনতা কম। আবার হাসপাতাল, বিদ্যালয়ের মতো কিছু কিছু জায়গায় হর্ন দেওয়ার বিষয়ে যে বিধিনিষেধ আছে, তাও অনেকে মানেন না। এ জন্য জাতীয়ভাবে সচেতনতা তৈরি করতে হবে বলে মনে করেন তিনি।