ঢাকায় কুয়াশা কেটে গেলেই শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকায় কুয়াশার চাদর। ছবিটি আজ বৃহস্পতিবার আজিমপুর এলাকা থেকে বেলা ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাজধানী ঢাকায় কুয়াশার চাদর। ছবিটি আজ বৃহস্পতিবার আজিমপুর এলাকা থেকে বেলা ১১টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

হেমন্তের শেষ দিনগুলোতে রাজধানী ঢাকায় শীত আসি আসি করছে। ঢাকার বাইরে শীত পড়েছে বেশ আগেই। সেই হিমেল বাতাসের গায়ে কাঁটা তোলা আমেজ এই নগরে এখনো এসে পৌঁছোয়নি। কয়েক দিন ধরে ঢাকায় গাঢ় কুয়াশা পড়ছে ঠিকই, কিন্তু আগুয়ান শীতের হিম হিম মিষ্টি আমেজটুকু নেই; বরং ঝিম ধরা কেমন গুমোট একটা ভাব। 

এতে নগরবাসী অনেকেরই প্রশ্ন, এটা কি বায়ুদূষণজনিত সেই ধোঁয়াশা, যা সম্প্রতি চীনের কয়েকটি নগরকে অবগুণ্ঠিত করে রেখেছে?

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। ছবিটি আজ পুরান ঢাকার লালবাগের গণকটুলি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। ছবিটি আজ পুরান ঢাকার লালবাগের গণকটুলি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম


এ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটা কুয়াশা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে কুয়াশা রয়েছে, তার উৎপত্তিস্থল ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের সমুদ্রসংলগ্ন। সম্প্রতি সেখানে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে বাংলাদেশের আকাশে কুয়াশা দেখা যাচ্ছে। মূলত সাগরে সৃষ্ট মেঘ ভারতের ওডিশা ও বিহার হয়ে বাংলাদেশে পৌঁছেছে। দীর্ঘপথ পাড়ি দেওয়া মেঘ বাংলাদেশে পৌঁছে কোথাও হালকা আবার কোথাও ভারী হয়েছে। বিশেষ করে, উপকূলীয় এলাকায় এই মেঘ ভারী ছিল। এতে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মেঘের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে। তবে ঢাকায় হালকা মেঘের কারণে বৃষ্টি হয়নি। এই মেঘ ঢাকায় কুয়াশা হিসেবে দেখা যাচ্ছে।

ধূসর কুয়াশায় ঢাকা রাজধানী। ছবিটি আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
ধূসর কুয়াশায় ঢাকা রাজধানী। ছবিটি আজ বৃহস্পতিবার ধানমন্ডি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম


ওই কর্মকর্তা বলেন, ঢাকার আকাশে স্বাভাবিকভাবেই ধুলো ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হয়েছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে, স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়। এতে সে রকম কিছু হয়নি। তিনি বলেন, কুয়াশা আরও দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় শীত পড়বে। দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা বাড়বে।