ঢাকায় গতকাল বেশি বৃষ্টি হয়েছে

রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার রাতে শোনা গেছে বজ্রপাতের প্রচণ্ড শব্দ। এর সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী। টানা কয়েক ঘণ্টা চলে বজ্রসহ বৃষ্টির দাপট। প্রকৃতির এই ক্ষুব্ধ মেজাজ কেবল রাজধানী নয়, দেশের অধিকাংশ এলাকাতেই ছিল। তবে আজ শুক্রবার ভোর পর্যন্ত বেশি ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা শহরে। আগের দিন ঢাকায় এর পরিমাণ ছিল ২৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে তাদের ৪৩টি পর্যবেক্ষণ কেন্দ্রর মধ্যে ৩২টি কেন্দ্রভুক্ত এলাকায় গতকাল ভোর থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঢাকার পরে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারী জেলার সৈয়দপুরে ১৯ মিলিমিটার। এ ছাড়া পটুয়াখালী ও কুমিল্লায় ১৮, বাগেরহাটের মোংলায় ১২, সাতক্ষীরা ও নোয়াখালীর মাইজদিকোর্টে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসব এলাকা ছাড়াও রাজশাহী, রংপুর, চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
বজ্রসহ বৃষ্টির প্রবণতা আগামী তিন দিনে আরও বাড়বে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
ঝড়-বৃষ্টির প্রভাবে গরমও কিছুটা কমেছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেটি ছিল চট্টগ্রামে সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে। এ জন্য আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।