ঢাকায় তিন ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টি
ঢাকার আকাশ আজ বৃহস্পতিবার দুপুরে যেন ফুটো হয়ে গিয়েছিল। টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছে রাজধানী শহরে। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে আজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ১২৩ মিলিমিটার।
একই সময় এই বৃষ্টি কেবল ঢাকায় নয়, আশপাশসহ বেশ কয়েকটি জেলায় হয়েছে। টাঙ্গাইলে এর পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার। রাজশাহীতে ১৬, চুয়াডাঙ্গায় ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ঢাকায় চলতি মৌসুমে স্বল্প সময়ে এত বৃষ্টি হয়নি। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এ কারণে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে জুলাই মাসে সারা দেশে ৬৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিকের চেয়ে ১৬৩ মিলিমিটার বেশি। ২৩ দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও জুলাই মাসে গড়ে ২৯ দিন বৃষ্টি হয়েছে।
২ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে আরও জানানো হয়, আগস্ট মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই-একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপের পরিণত হতে পারে। আগস্টের বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।