ঢাকায় দুই ঘণ্টায় বৃষ্টি ২৩ মিলিমিটার

বৈশাখের শেষ দিকে আসা বৃষ্টি যেন বিরামহীন হয়ে উঠেছে। এর সঙ্গে আছে কালবৈশাখী। সপ্তাহখানেক আগেও দিনে একবার করে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতো। কিন্তু কয়েক দিন ধরে দফায় দফায় বৃষ্টি ঝরছে। আজ শনিবার সকালের পর দুপুরবেলায়ও আরেক দফা কালবৈশাখীর সঙ্গে বজ্রবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, আজ বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানী ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, দুপুরের কালবৈশাখী রাজধানী ঢাকা থেকে শুরু হয়েছে। এরপর আশপাশের এলাকার ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। এর আগে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় মাদারীপুরে ৩০, চট্টগ্রামে ২৭, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
ঝড়-বৃষ্টির দাপট আরও দুই-তিন দিন চলবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশীদ।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কালবৈশাখীর গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিসহ শিলাবৃষ্টিও হতে পারে।
ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, বরিশাল, সিলেট ও মাদারীপুর জেলার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এবং অন্যান্য এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।