ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রোববার রাত থেকে বৃষ্টিতে সয়লাব রাজধানীর রাস্তাঘাট। রোজার দিন, মানুষের ঘরে ফেরার তাড়া বেশি। কিন্তু একদিকে যানজট, অন্যদিকে যানবাহনের অভাবে মানুষের অবস্থা নাকাল। গতকাল বিকেলে ফার্মগেট থেকে তোলা ছবি l সাইফুল ইসলাম
গত রোববার রাত থেকে বৃষ্টিতে সয়লাব রাজধানীর রাস্তাঘাট। রোজার দিন, মানুষের ঘরে ফেরার তাড়া বেশি। কিন্তু একদিকে যানজট, অন্যদিকে যানবাহনের অভাবে মানুষের অবস্থা নাকাল। গতকাল বিকেলে ফার্মগেট থেকে তোলা ছবি l সাইফুল ইসলাম

গত রোববার রাত থেকে শুরু হয়ে গতকাল সোমবার দিনভর বৃষ্টি। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্র পানিতে থইথই। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল রাজধানীতে ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল গতকাল রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও মৌসুমি বায়ু একত্র হওয়ায় এই তুমুল বৃষ্টিপাত হয়েছে। গত ৩০ মে দেশের উপকূল দিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করলেও গতকাল থেকে তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফলে শুধু রাজধানী নয়, দেশের বেশির ভাগ এলাকাতেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ১৯০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, গভীর নিম্নচাপের কারণে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ও মেঘ বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এর সঙ্গে প্রবল মৌসুমি বায়ু যোগ হয়ে এত বৃষ্টিপাত ঘটাচ্ছে। আজ মঙ্গলবার বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানগুলোকে সাবধানে ও নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ হওয়া সম্পর্কে ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের নির্দেশে সোমবার রাত সাড়ে নয়টায় ঢাকার নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান তিনি।

গতকালের বৃষ্টিতে রাজধানীর বাড্ডা, মেরুল, রামপুরা, মালীবাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ কারণে এসব পথে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। কারওয়ান বাজার ও পান্থপথের রাস্তায় জলাবদ্ধতা দেখা যায়। পান্থপথের বসুন্ধরা সিটির পেছনের রাস্তায় মানুষকে কোমরসমান পানি ভেঙে চলাচল করতে দেখা যায়। এই পথেও গাড়ি আটকে থাকে দীর্ঘক্ষণ। ইঞ্জিনে পানি ঢুকে বহু স্থানে অটোরিকশা বন্ধ হয়ে যায়। পুরান ঢাকার চকবাজার, নাজিমুদ্দিন রোডসহ আশপাশের অলিগলিতে জলাবদ্ধতা দেখা দেয়। এসব এলাকার বাসিন্দাদের দিনভর দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

বেলা পৌনে তিনটার দিকে ফকিরাপুল পেট্রলপাম্পের সামনে দেখা যায় প্রায় হাঁটুসমান পানি। সেখান থেকে ফকিরাপুল মোড়ের উত্তর প্রান্তে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে পর্যন্ত পানি আর পানি। পল্টন থানার সামনে প্রায় ১০০ মিটার সড়ক বাদ দিয়ে আবার পানি। পুরো এলাকায় যানজট। সিএনজিচালিত অটোরিকশা ঠেলতে ঠেলতে এগোতে দেখা যায় অনেক চালককে। চালকেরা জানান, ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল এলাকায় এ ধরনের অন্তত ৫০টি অটোরিকশা দেখা যায়। ফকিরাপুল বাজারের কাছে অটোরিকশা বন্ধ হয়ে যায়। বৃষ্টির মধ্যেই নেমে যেতে হয় দুজন আরোহীকে। চালক রফিকুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টি হইলে পানি জমব, তারপর গাড়ি নষ্ট হইব। এইটা আর কত দিন সহ্য করুম?’

তবে রাজারবাগ পুলিশ লাইনস, শান্তিনগর, চামেলীবাগ এলাকার প্রধান সড়কে পানি জমতে দেখা যায়নি। সেখানে ৬০ ইঞ্চি ব্যাসের পাইপ ও ড্রেনেজ লাইন বসানোর কারণে জলাবদ্ধতা হয়নি বলে এলাকাবাসী মনে করছেন।