রাজধানীতে স্বস্তির বৃষ্টি

কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ সোমবার দুপুরে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হয়েছে।

আজ রাজধানীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, আজ বৃষ্টির আগে গত কয়েক দিন রাজধানীতে তাপমাত্রা ছিল গড়ে ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টির পর আজ তাপমাত্রা আছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে আরও কয়েদিন হালকাসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সকালে ঝলমলে রোদ ছিল আকাশে। একই সঙ্গে ছিল গরম। দুপুর ১২টার দিকে প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। এ সময় বিভিন্ন জায়গায় ধুলো উড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে নামে জোর বৃষ্টি। মিনিট বিশেকের এই বৃষ্টিতে পথচারীদের অনেকে বেকায়দায় পড়ে যান। এ সময় অনেক স্কুল ছুটি হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা দুর্ভোগ পোহান। ছোট বড় অনেকে অবশ্য বৃষ্টিতে ভিজে মজা করেছেন। তবে অল্প সময়ের এই বৃষ্টিতে নগরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

প্রচণ্ড বাতাসের কারণে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাড়ির ওপর একটি গাছ ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।