ঢালচরে ভাঙনে নিঃস্ব ছয় শতাধিক পরিবার

ভোলা শহর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে চরফ্যাশন উপজেলার মেঘনা নদীবেষ্টিত ঢালচর ইউনিয়ন। গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এখানে তিন শতাধিক বাড়িসহ একাধিক প্রতিষ্ঠান, ৩১০ হেক্টর শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন ও ৫০ হেক্টর ফসলি খেত মেঘনায় বিলীন হয়ে গেছে। গত পাঁচ বছরে নিঃস্ব হয়ে গেছে ইউনিয়নের ছয় শতাধিক পরিবার।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-২-এর (পাউবো) নির্বাহী প্রকৌশলী কাইসার আহমেদ বলেন, ঢালচর ইউনিয়ন পাউবোর ফোল্ডারভুক্ত নয়। ওই ইউনিয়নের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারের কোনো বরাদ্দ নেই।
সরেজমিনে দেখা যায়, ঢালচর ইউনিয়নের উত্তর-পশ্চিমে নির্মাণ করা গবাদি পশুর কিল্লা, শীত মৌসুমে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প, ঢালচর উত্তর মাছঘাট, কেরামতগঞ্জ, দালালপুর ও মোহাম্মদপুর হয়ে পূর্ব-দক্ষিণে ‘ফরেস্টবন’ পর্যন্ত প্রায় চার কিলোমিটার মেঘনার ঢেউয়ের আঘাতে ভাঙছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউনিয়নের কেরামতগঞ্জ, দালালপুর ও মোহাম্মদপুর গ্রামের ৩৫০টি বাড়িসহ ঢালচর ইউনিয়ন পরিষদ, ঢালচর রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের দুটি পাকা ভবন, অস্থায়ী পুলিশ তদন্তকেন্দ্র, ঢালচর লঞ্চঘাট, ঢালচর কমিনিউটি ক্লিনিকসহ বন বিভাগের একাধিক ভবন মেঘনাগর্ভে বিলীন হয়ে গেছে। আমন ধানসহ ৫০ হেক্টর জমি বিলীন হয়েছে।
ঢালচর বন বিভাগের রেঞ্জার সৈয়দ নুরুজ্জামান বলেন, বন বিভাগের ছয়টি কার্যালয় মেঘনায় বিলীন হয়েছে। এখন তাঁরা ভাড়া ঘরে অফিস করছেন। এ ছাড়া গত পাঁচ বছরে বন বিভাগের ৬৫০ হেক্টর বন ও শ্বাসমূলীয় গাছ ভাঙনে বিলীন হয়েছে। চলতি বছরে ৩১০ হেক্টরে বন বিলীন হয়ে গেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার বলেন, ভোলা দক্ষিণের সর্ববৃহৎ মাছঘাট ঢালচর। ভাঙনের ফলে তিনটি মাছঘাট ও জেলেদের নিরাপদ আশ্রয়স্থল খাল মেঘনায় বিলীন হয়ে গেছে।
ঢালচর ইউপির ৪-৫-৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নাজমা বেগম বলেন, ঢালচরের মোহাম্মদপুরে তাঁর বাড়ি ছিল। সেই বাড়ি সম্প্রতি ভেঙে যাওয়ায় পরিবারসহ তিনি ঢালচর রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় পরিত্যক্ত স্থানে কোনোমতে বেড়া দিয়ে বসবাস শুরু করেন। পরে বিদ্যালয়টি ভেঙে যাওয়ায় এখন অন্যের বাড়িতে ভাড়া হিসেবে বসবাস করছেন।
ভাঙনের শিকার ঢালচর লঞ্চঘাটের মনিরুল ইসলাম, আব্দুস সালাম মাঝিসহ অনেকে বলেন, নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে তাঁরা নিঃস্ব। এখন তাঁদের নতুন করে মাথা গোঁজার ঠাঁই দরকার।
ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম পাটওয়ারী বলেন, ভাঙনে পরিষদ হারানোতে এখন ব্যক্তিগত ঘরে অস্থায়ী পরিষদ চালাতে হচ্ছে। মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। তাঁদের জরুরি পুনর্বাসন দরকার। বনের মধ্যে ফাঁকা জমি আছে। সরকার ইচ্ছা করলে জমি বরাদ্দ দিতে পারে।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ভাঙনকবলিতদের পুনর্বাসন করতে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য মাটি ফেলার কাজ শুরু হয়েছিল। সেটিও ভাঙনের মুখে পড়েছে। আর ভূমিহীনদের ভূমি বরাদ্দের কাজটিও প্রক্রিয়াধীন আছে।