তজুমদ্দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর ছোবলে ক্ষতবিক্ষত ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন। ক্ষয়ক্ষতির বর্ণনা দিচ্ছেন গৃহস্থ শাহাবুদ্দিন ভুঁইয়া। ছবিটি গতকাল ইউনিয়নের মহাজনকান্দি থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর ছোবলে ক্ষতবিক্ষত ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন। ক্ষয়ক্ষতির বর্ণনা দিচ্ছেন গৃহস্থ শাহাবুদ্দিন ভুঁইয়া। ছবিটি গতকাল ইউনিয়নের মহাজনকান্দি থেকে তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুতে ভোলার তজুমদ্দিন উপজেলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো উপজেলা রয়েছে অন্ধকারে। অসংখ্য মানুষ খোলা আকাশের নিচে বাস করছে। তিন দিন পরও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ পৌঁছায়নি। আহত ব্যক্তিরা পাচ্ছেন না চিকিৎসা।
উপজেলার প্রবেশদ্বারে ডিগ্রি কলেজের সামনে ভোলা-তজুমদ্দিন সড়কে পড়ে আছে বিশাল রেইনট্রি। বন বিভাগ তা কেটে যাতায়াতের সুবিধা করে দিচ্ছে। সড়কের ওপর পড়ে থাকা এ রকম শতাধিক গাছ তজুমদ্দিনের সঙ্গে বাইরের উপজেলার যোগাযোগ বন্ধ করে রেখেছে। ঝড়ের তিন দিন পর গতকাল সোমবার সকাল পর্যন্ত গাছ সরানোর কাজ চলছিল।
বন বিভাগের শশীগঞ্জ বিটের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, সড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। সবার ক্ষতি হওয়ায় লোকবলের সংকট দেখা দিয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড়ে তজুমদ্দিনসহ ভোলার আশপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন। ওই এলাকায় শুধুই ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ঝড়ে উড়ে যাওয়া মালামাল, আসবাব, ঘরের চাল, খুঁটি, টিন খুঁজতে নেমেছেন। ঘরচাপা পড়া মানুষগুলো হাতে-পায়ে ক্ষত নিয়ে এসব কাজ করছেন। ঘরচাপায় কৃষকের চালের মটকি ভেঙে মাটিতে মিশে গেছে চাল। সেই চাল তুলে শুকাতে দিচ্ছেন কেউ কেউ। ব্যবসায়ীরা তাঁদের ভেজা পণ্য শুকাতে দিয়েছেন। বিদ্যুতের তার ছিঁড়ে ও খাম্বাগুলো ভেঙে পড়ে রয়েছে। খেতের ফসল ও পুকুর ডুবে রয়েছে।
তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী বলেন, গত শুক্রবার থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ আসবে এমন কোনো তৎপরতাও দেখছি না। বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎ ঢিমেতালে কাজ করছে।
ভোলা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক মো. কেফায়েত উল্লাহ বলেন, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
ঝড়ের বর্ণনা দিয়ে মহাজনকান্দি গ্রামের শাহাবুদ্দিন ভূঁইয়া বলেন, তাঁর ঘরের খুঁটিগুলো চার-পাঁচ টুকরা হয়ে গেছে। টিনগুলো কোথায় উড়ে গেছে, জানেন না। কয়েক লাখ টাকার সাজানো ঘর আবার তুলতে যে টাকা দরকার, তা তাঁর হাতে নেই। ঘরে চাল নেই, চুলো নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, রাতের বেলা অনেকটা খোলা আকাশের নিচে বসবাস, আর এর-ওর পাঠানো শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন। আকাশেও মেঘ রয়েছে।
শাহাবুদ্দিনের মতো কমপক্ষে ৮০টি পরিবার অভিযোগ করে, ঝড়ের পর থেকে তাদের থাকা ও খাওয়ার বেশ কষ্ট হচ্ছে।
ঘরচাপা পড়ে মারা গেছেন একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রেখা বেগম। রেখার মা বৃদ্ধা সালেহা বেগমের (৬০) পা ঘরচাপা পড়ে ভেঙে গেছে। একই পরিবারের মো. রিপনের হাত-পা কেটে গেছে। তাঁর স্ত্রী কুলসুম বেগমসহ একই পরিবারের ১২ জন আহত হয়েছেন ঘরচাপায়। এসব মানুষকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। তাঁরা নিজস্ব পদ্ধতিতে ক্ষতস্থানের চিকিৎসা নিয়ে ঘরের হারানো মালামাল খুঁজে বেড়াচ্ছেন। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের বড় বাড়ি নামে পরিচিত একটি বাড়িতে ২৫টি পরিবার। প্রায় সব কটি ঘরই বিধ্বস্ত। এ বাড়ির ষষ্ঠ শ্রেণির ছাত্র আক্রাম হোসেন মারা গেছে। চাচা আবদুর রহিম ও তাঁর প্রসূতি স্ত্রী শারমিন বেগম আড়াই ঘণ্টা ঘরচাপা অবস্থায় পড়ে ছিলেন। এ বাড়ির অর্ধশতাধিক মানুষকে শরীরে ক্ষত নিয়ে ঘর গোছানোর কাজ করতে দেখা যায়। আহত এসব মানুষ বলেন, এলাকায় মেডিকেল টিম বসা জরুরি। আহত শিশু ও নারীদের চিকিৎসা না দিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হতে পারে।
ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, ‘রোববার আমি নিজ হাতে ২০-২২ জনের হাতে ত্রাণ দিয়েছি। ২৫ মে মন্ত্রী এসে আবার ত্রাণ দেবেন। তজুমদ্দিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে—খাবারের চাইতে এখন ঘর তোলার জন্য টাকা ও টিন দরকার। মেডিকেল টিম বসানোর জন্যও সিভিল সার্জনকে বলা হয়েছে।’
ভোলা জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ বলেন, তাঁরা আজ (সোমবার) মেডিকেল টিম পাঠাচ্ছেন।