তিনটি নতুন সৈকত পাখির সন্ধানে সোনাদিয়া দ্বীপপুঞ্জের উদ্দেশে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের বাসে চেপে বসলাম। সকাল আটটার দিকে আমাদের পৌঁছানোর কথা। কিন্তু সড়ক দুর্ঘটনায় সৃষ্ট ট্রাফিক জ্যামের কারণে কক্সবাজারে পৌঁছুতে বেজে গেল বেলা একটা। ফলে ১২ ফেব্রুয়ারি সোনাদিয়ায় যাওয়া হলো না, সৈকত পাখি খোঁজার পরিকল্পনাও ভেস্তে গেল। কিন্তু বাকি সময়টুকু তো আর নষ্ট করা যায় না। কাজেই দুপুরের খাবার সেরে পক্ষী আলোকচিত্রী আফজাল হোসেন খান ও তাঁর বন্ধু নজরুল ইসলামকে নিয়ে দ্রুত কক্সবাজারের ফিশারি ঘাটে চলে গেলাম। হাতে মাত্র দুই ঘণ্টা সময়। গাইড গিয়াসকে ফোন করে ওর পরামর্শে মহেশখালীর তাজিয়াকাটা চরের দিকে স্পিডবোট ছোটালাম। পথে বদরকৈতর, ছোট পানকৌড়ি, গোতরা ও বেশ কিছু প্রজাতির জলচর পাখির দেখা মিলল। প্রায় আধঘণ্টা পর তাজিয়াকাটা চরে পৌঁছালাম। স্পিডবোট থেকে চরে নেমেই গোতরা, লাল-পা পিউ ও বড় টিটি জিরিয়ার দেখা পেলাম। ওদের ছবি তোলা শেষে সামনের দিকে যেতেই এক জোড়া ভিন্ন প্রজাতির সৈকত পাখির দেখা মিলল। ওদের দুটো ছবি তুলে দ্রুত মনিটরে জুম করে দেখলাম। মনিটরের মিনি পর্দায় চোখ যেন স্থির হয়ে গেল! যাদের সন্ধানে সোনাদিয়ায় যেতে না পেরে মন খারাপ করেছিলাম, তাদেরই এক প্রজাতি আমার চোখের সামনে! আমার দেখা পক্ষী তালিকায় আরেকটি নতুন নাম যোগ হলো। দ্রুত পাখি জোড়ার গোটা বিশেক ছবি তুলে ক্যামেরা রেখে বাইনোকুলার চোখে তুলে নিলাম। বিশাল চর এটি, কালাদিয়া থেকেও বেশ বড়। এক ঘণ্টার বেশি সময় ধরে চরের বিভিন্ন অংশ ঘুরে ডজনখানেক একই প্রজাতির পাখির দেখা পেলাম। বেশ কিছু ক্লোজ শট নিয়ে মনের আনন্দে স্পিডবোটে উঠলাম।
তাজিয়াকাটা চরে দেখা নতুন পাখিটি এ দেশের সচরাচর দৃশ্যমান পরিযায়ী পাখি। এর কোনো প্রচলিত বাংলা নাম নেই। ইংরেজি নাম রেড-নেকড স্টিন্ট বা রুফাস-নেকড স্টিন্ট। স্কোলোপ্যাসিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Calidris ruficollis। যার অর্থ ‘লালঘাড়ওয়ালা ধূসর বর্ণের ছোট জলার পাশের পাখি’। কাজেই বাংলায় পাখিটির নাম ‘লালঘাড় চাপাখি’ বা ‘লালগলা চাপাখি’ বলা যায় সহজেই। রাশিয়া ও আলাস্কার আবাসিক পাখিটি শীতে বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরিযায়ন করে।
লালঘাড় চাপাখি শীতকালে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় পরিযায়ী হয়ে আসে। এরা জোয়ার-ভাটার কাদাচর, নোনাবালুর চর ও উপকূলীয় খাঁড়িতে অন্যান্য ছোট সৈকত পাখির মিশ্র দলে বিচরণ করে। দিবাচর পাখিগুলো দ্রুত খানিকটা দৌড়ে বালুময় সৈকত বা কাদাচরে চঞ্চু ঢুকিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড়, তাদের শূককীট, কেঁচো, চিংড়িজাতীয় ও অন্যান্য জলজ অমেরুদণ্ডী প্রাণী খায়। ওড়ার সময় নিচুস্বরে ‘টি-রররর...’ শব্দে ডাকে।
মে থেকে জুন প্রজননকাল। এ সময় আবাস এলাকা অর্থাৎ সাইবেরিয়ার ভূমিতে অগভীর খোঁদল করে তাতে ছত্রাক, পাতা ও ঘাস বিছিয়ে বাসা তৈরি করে। ডিম পাড়ে ৩-৪টি, রং বাদামি ছোপসহ জলপাই থেকে হালকা হলুদাভ। আয়ুষ্কাল আট বছরের বেশি।