তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রিতে রাখতে এককাট্টা শত দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের লো বুর্জে বিশ্ব জলবায়ু সম্মেলনের অনুষ্ঠানস্থলে কপ২১ লোগোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী l ছবি: রয়টার্স
প্যারিসের লো বুর্জে বিশ্ব জলবায়ু সম্মেলনের অনুষ্ঠানস্থলে কপ২১ লোগোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী l ছবি: রয়টার্স

প্যারিস জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা বক্তৃতা দিয়ে গতকাল মঙ্গলবার চলে গেছেন। এবার শুরু হয়েছে রাষ্ট্রগুলোর সমঝোতার আলোচনা। বৈশ্বিক তাপমাত্রা কমাতে কোন দেশ কী করবে, কে কত কার্বন নিঃসরণ কমাবে, কোন ধনী দেশ সবুজ জলবায়ু তহবিলে কত অর্থ দেবে, তা নিয়ে শুরু হয়েছে কঠিন দর-কষাকষি আর চুলচেরা বিশ্লেষণ।
ঝোড়ো আলোচনায় ডিসেম্বরের প্যারিসের হিমেল বাতাসেও টেবিলে টেবিলে ছড়াচ্ছে উত্তাপ। এরই মধ্যে জলবায়ু পরিবর্তনে বিপন্ন দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) সেই উত্তাপে ঘি ঢেলেছেই বলা যায়।
গতকাল সিভিএফ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো, তারা এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চুক্তি চায়। শিল্পোন্নত ও দ্রুত উন্নয়নশীল দেশগুলোর কূটতর্কে তারা ঢুকতে চায় না। তাদের একটাই বক্তব্য, তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বাড়লে স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মিলিয়ে ১০০টি দেশের অস্তিত্ব বিপন্ন হবে। সিভিএফের মত, প্যারিস সম্মেলনের সফলতার ওপর নির্ভর করছে জলবায়ু বিপন্ন দেশগুলোর পৃথিবীতে টিকে থাকা।
গত সোমবার সিভিএফ দেশগুলোতে আরও ২৩টি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। ২০০৯ সালে ২০টি দেশ নিয়ে গঠিত ওই জোটের প্রথম সম্মেলন হয়েছিল বাংলাদেশে। তাতে সভাপতি হয়েছিল বাংলাদেশ। এখনকার সভাপতি ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো একুইনো। গতকাল বর্তমান সভাপতি, এর আগেরবারের সভাপতি কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল গনজালেস, বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পরবর্তী সভাপতি ইথিওপিয়ার পরিবেশমন্ত্রী কেয়ার চাওয়াইচা বক্তব্য দেন।
সিভিএফের দাবির প্রতি জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সহানুভূতি দেখিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিশ্বের তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বাড়তে না দেওয়ার জন্য প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও একই দাবি তুলে ২০৫০ সালের মধ্যে বিশ্বকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির পথে নিয়ে যাওয়ার পক্ষে মত দেন।
বৈঠক সম্পর্কে পরিবেশ ও বনমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মতো জলবায়ু বিপন্ন দেশগুলো বিপদের শেষ সীমায় বা রেড জোনে চলে এসেছে। ফলে আমাদের মতো দেশগুলোকে রক্ষার দায়িত্ব জাতিসংঘের এই সম্মেলনের। আমরা এই সম্মেলন থেকে কার্বন নিঃসরণ কমানোর নিশ্চিত অঙ্গীকার নিয়ে যেতে চাই।’
কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল গনজালেস শিল্পোন্নত দেশগুলোর কথার মারপ্যাঁচের দিকে ইঙ্গিত করে বলেন, ‘অনেকে বলেন কার্বন নিঃসরণ কমালে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়। কোস্টারিকা দেখিয়েছে কীভাবে উন্নয়ন এবং কার্বন নিঃসরণ কমানো দুটিই একসঙ্গে চলতে পারে। আমরা যদি পারি তবে শিল্পোন্নত দেশগুলো এত সম্পদ নিয়ে তা পারবে না কেন?’
গতকাল থেকে শুরু হওয়া সমঝোতার আলোচনা মূলত ৫৭ পৃষ্ঠার একটি খসড়া চুক্তি ধরে চলছে। তবে এটি কি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি হবে, নাকি একটি ঘোষণা আকারে আসবে তা এখনো নিশ্চিত হয়নি।
বাংলাদেশের সমঝোতাকারী দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাতসহ মোট ৩৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন বিষয়ের আলোচনায় অংশ নিচ্ছেন।
সম্মেলনের পরবর্তী ধাপ সম্পর্কে বলতে গিয়ে পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইইডি) জ্যেষ্ঠ গবেষণা ফেলো সালিমুল হক প্রথম আলোকে বলেন, জলবায়ু বিপন্ন দেশগুলোর দেড় ডিগ্রি সেলসিয়াসের দাবির পক্ষে ইতিমধ্যে ৫০টি দেশ অবস্থান নিয়েছে। জাতিসংঘ এই দাবিকে স্বীকৃতি দিয়ে খসড়া প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে। ফলে যে সমঝোতার আলোচনা শুরু হলো তাতে বাংলাদেশসহ স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা দাবির পক্ষে এককাট্টা থাকলে প্যারিস থেকে একটি আইনগত বাধ্যবাধকতাসহ চুক্তি নিয়ে দেশে ফেরা যাবে।