তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্যারিস জলবায়ু চুক্তির প্রথম খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত সংস্থা ইউএনএফসিসিসি। খসড়া প্রস্তাবে এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রস্তাবকে প্রথম বিকল্প হিসেবে রাখা হয়েছে।
ওই খসড়া নিয়ে আগামী দুই দিন এই সম্মেলনে ১৯৫টি দেশের প্রতিনিধিরা আলোচনা করবেন।
এদিকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝড়, বন্যা, ভূমিধস ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগে গত দুই দশকে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। এ ধরনের ক্ষতি ও সর্বোচ্চ ঝুঁকির সূচকে থাকা প্রথম তিনটি দেশ হলো হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি। গতকাল বৃহস্পতিবার জার্মানিভিত্তিক জলবায়ু পরামর্শক গোষ্ঠী ‘জার্মানওয়াচ’ প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০১৬’-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
খসড়ায় যা আছে: প্যারিস জলবায়ু চুক্তির জন্য দায়িত্বপ্রাপ্ত ‘অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ অন ডারবান প্ল্যাটফর্ম ফর এনহ্যান্স অ্যাকশন’-এর সদস্যরা ৫০ পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন। আগামী শনিবারের মধ্যে তা চূড়ান্ত হবে। এরপর ওই খসড়া নিয়ে জলবায়ু সম্মেলনে আসা মন্ত্রীদের মধ্যে আলোচনা হবে। সবাই একমত হলে ওই খসড়াটি প্যারিস চুক্তি আকারে স্বাক্ষর হবে। তবে ওই চুক্তিটি বাংলাদেশসহ স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর দাবি অনুযায়ী আইনি বাধ্যবাধকতাসহ হবে কি না তা মন্ত্রী পর্যায়ের আলোচনায় নির্ধারিত হবে।
প্যারিস চুক্তির প্রাথমিক খসড়ায় এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত হবে তা নিয়ে তিনটি প্রস্তাব রয়েছে। জলবায়ু বিপন্ন দেশগুলোর জোট ‘এমভিসি’র দাবি অনুযায়ী, দেড় ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়তে না দেওয়ার বিষয়টি তিন নম্বর বিকল্প হিসেবে রয়েছে। প্রথমে রয়েছে তাপমাত্রা দুই ডিগ্রির নিচে রাখতে হবে, দ্বিতীয়ত তাপমাত্রা দুই ডিগ্রি রাখার প্রস্তাব রয়েছে।
খসড়ায় বিশ্বের কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর দায়দায়িত্ব স্বপ্রণোদিতভাবে কার্বন নিঃসরণ কমানোর প্রস্তাব বা আইএনডিসির ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আইএনডিসিতে রাষ্ট্রগুলো ২০৩০ সালের মধ্যে যে পরিমাণে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছে তাকে অনুসরণ করার কথা বলা হয়েছে। তবে উন্নত রাষ্ট্রগুলোকে ২০৬০ থেকে ২০৮০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য বলা হয়েছে।
জানতে চাইলে প্যারিস সম্মেলনে আসা বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, প্রথম খসড়াটি নিয়ে এখন আলোচনা চলবে। ফ্রান্স সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আগামী শনিবারের মধ্যে চূড়ান্ত খসড়া তৈরির জন্য বলা হয়েছে।
৬ নম্বরে বাংলাদেশ: জলবায়ু বিশ্লেষকদের তৈরি ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০১৬’ প্রতিবেদনে সতর্ক করা হয়, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে না পারলে ঝুঁকির সূচকে থাকা দেশগুলোতে আরও দুর্যোগের আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বিভিন্ন দেশে ১৫ হাজারের বেশি প্রাকৃতিক দুর্যোগে ৫ লাখ ২৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ক্ষতি হয়েছে ২ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলারের বেশি। সূচকে হন্ডুরাস, মিয়ানমার ও হাইতির পর ৪ নম্বরে রয়েছে ফিলিপাইন। এরপরই রয়েছে নিকারাগুয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও গুয়াতেমালা।