তিন উপজেলায় ওএমএস বন্ধ, ভোগান্তিতে বন্যাদুর্গত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) বন্ধ হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার বন্যাদুর্গত লোকজন ভোগান্তিতে পড়েছে। ১ জুলাই থেকে এসব এলাকায় এ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট উপজেলার খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের কারণে তিন উপজেলার বিভিন্ন এলাকায় অকালবন্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে মে মাসের প্রথম সপ্তাহে এসব এলাকায় ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিক্রি শুরু হয়। কুলাউড়ায় সাত, জুড়ীতে তিন ও বড়লেখায় চারজন ডিলার নিয়োগ দেওয়া হয়। শনিবার বাদে সপ্তাহের বাকি ছয় দিন ডিলারদের নির্দিষ্ট দোকানো চাল বিক্রি করা হতো। প্রতি দিন একেকজন ডিলার এক মেট্রিক টন করে চাল বিক্রি করতেন। প্রতি কেজি ১৫ টাকা দরে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারতেন। সে হিসাবে প্রতি দিন ২০০ মানুষের কাছে চাল বিক্রি করা যেত।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে কুলাউড়ার বন্যাদুর্গত ভূকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার আশ্রয়কেন্দ্রে গেলে জুড়ীর সোনাপুর গ্রামের আছমা বেগম (৩৫) বলেন, ‘ঘরো চাইর (চার) মাস থাকি পানি। প্রত্যেক দিন সকালে নৌকায় গিয়া উপজেলার কাছর দোকান (উপজেলা পরিষদসংলগ্ন জাঙ্গিরাই এলাকার ডিলার) থাকি লাইনো দাঁড়াইয়া চাউল (চাল) কিনি আনতাম। রবিবারে গিয়া দেখি দোকান বন্ধ। অখন খাইতাম কিতা!’
উপজেলা সদরের ওএমএসের ডিলার জমশেদুল ইসলাম বলেন, প্রতিদিন তাঁর দোকানে চাল কিনতে ৩০০-৪০০ লোক লাইনে দাঁড়াত। তাদের বেশির ভাগই বন্যাদুর্গত বেলাগাঁও, সোনাপুর, গোবিন্দপুর, জাঙ্গিরাই ও উত্তর জাঙ্গিরাই গ্রামের। সবার কাছে প্রতিদিন বিক্রি করা সম্ভব হতো না। দুর্গত সব মানুষ যাতে এ সুবিধা পায়, সে বিবেচনায় একেক দিন একেক গ্রামের মানুষের কাছে চাল বিক্রি করতেন।
বড়লেখার তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস মুঠোফোনে বলেন, তাঁর এলাকার ২৬টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দী। সরকারিভাবে যে ত্রাণ পাওয়া যাচ্ছে, তা অপ্রতুল। ওএমএস চালু থাকায় মানুষ কম দরে চাল কিনতে পারত। তা বন্ধ হওয়ায় মানুষ দুর্ভোগে পড়েছে।
মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মনোজ কান্তি দাস চৌধুরী আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে ওএমএসের চাল বিক্রি বন্ধ। জেলার বন্যাদুর্গত এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তা চালু করতে আজই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার কুলাউড়া, জুড়ী, বড়লেখা, রাজনগর ও সদর উপজেলার ২ লাখ ৬৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওএমএসের চাল বিক্রি চালু করার ব্যাপারে চেষ্টা-তদবির চলছে। পাশাপাশি ১০ হাজার ভিজিএফের কার্ড (প্রত্যেক কার্ডধারী ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা পাবেন) এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়ার জন্য খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো তা পাওয়া যায়নি।