তিন জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ছবিটি বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপারের নয়াহাটি গ্রাম থেকে তোলা। প্রথম আলো
সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ছবিটি বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপারের নয়াহাটি গ্রাম থেকে তোলা। প্রথম আলো

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব জেলার বিভিন্ন নদীতে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খেতের ফসল তলিয়ে যাচ্ছে। পানিবন্দী হয়ে পড়ছে মানুষ।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সুনামগঞ্জ পৌর শহরের কাছে গতকাল সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা ছাড়াও নতুন করে জেলার দোয়ারাবাজার, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধরমপাশা উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। জেলার আটটি উপজেলার ১ হাজার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের কোনো পরীক্ষা হয়নি। একই সঙ্গে পাঠদান বন্ধ ছিল ৩১২টি মাধ্যমিক বিদ্যালয়ে। তবে বিদ্যালয় খোলা ছিল।

সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক প্লাবিত হওয়ায় জেলা শহরের সঙ্গে তাহিরপুরের সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এই উপজেলায় বন্যার পানি, হাওরে ঢেউ ও ঝোড়ো বাতাসে প্রায় ৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৭৫১টি এবং আংশিক ২ হাজার ২০৫টি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল উপজেলার উত্তর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার ও চাল বিতরণ করেছেন তাঁরা।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, তাঁর উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, উপজেলার সুরমা নদীর তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়েছে বেশি। তাঁদের হিসাবমতে, উপজেলার ৪০০-র মতো ঘরে পানি ঢুকেছে।

যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল বেলা একটার দিকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর-নোয়ারপাড়া, শিংভাঙা-আমতলি, দেওয়ানপাড়া-ভুতেরপাড়া, বাম বাজার-পশ্চিম বামনা, মেলান্দহ-মাহমুদপুর সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, এখানে অর্ধশত গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে। যেভাবে পানি বাড়ছে, দ্রুত সময়ের মধ্যে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

সদর উপজেলার খরচার হাওর পাড়ের লালপুর গ্রামের পানিবন্দী মানুষ l প্রথম আলো
সদর উপজেলার খরচার হাওর পাড়ের লালপুর গ্রামের পানিবন্দী মানুষ l প্রথম আলো

দুই দিনের ভারী বৃষ্টিতে নেত্রকোনার চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, কংস নদের জারিয়া পয়েন্টে ১৮৫ সেন্টিমিটার, উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ও খালিয়াজুরির ধনু নদীর ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল দুপুর থেকে দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করছে। দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার থেকে কমে ৬৮ সেন্টিমিটারে এসেছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর পানি বেড়ে দুর্গাপুর উপজেলার ৫৫টি গ্রামে পানিবন্দী আছে প্রায় ১০ হাজার মানুষ। বন্ধ হয়ে গেছে ৬৫টি প্রাথমিক বিদ্যালয়সহ ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতি হয়েছে ৪৫০ হেক্টর আমন ফসল। কলমাকান্দা উপজেলার অন্তত ১৫টি গ্রামে পানি ঢুকে পানিবন্দী রয়েছে প্রায় ৮০০ পরিবার। বন্ধ আছে ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়সহ ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান। আমন ফসলের ক্ষতি হয়েছে ৬০০ হেক্টরের। পূর্বধলায় পাঁচটি গ্রামে পানি ঢুকে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পানিবন্দী আছে প্রায় ৩০০ পরিবার। ৬০ হেক্টর জমির আমন ফসল পানির নিচে।