তিন দিন পর সূর্যের দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন পর গতকাল সোমবার চট্টগ্রামে সূর্যের দেখা মিলেছে। এর ফলে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি এসেছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। গতকাল দুপুরের দিকে রোদ ওঠে।
গতকাল সকালে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়। এ সময় নগরের দু-একটি এলাকায় পানি ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, রোববার দুপুর ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর থেকে বৃষ্টি কমে এসেছে। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।
গতকাল বৃষ্টির মধ্যে সকাল সাড়ে আটটার দিকে নগরের সার্সন রোডে সড়কের পাশের একটি বড় শিরীষগাছ উপড়ে পড়ে। এতে একটি বৈদ্যুতিক খুঁটি ও পাশের অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের দেয়াল ভেঙে যায়। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত গাছটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছিল।
বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থাও সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল বলে বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে। একই সড়কে সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিপিসির সীমানা দেয়ালের ভেতরেই পাহাড়টি ধসে পড়ে।