তিন দিনে ১৫০ পরিবার গৃহহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের নড়িয়া উপজেলার শের আলী মাদবর কান্দি গ্রামের সালেহা বেগমের ৮ একর ফসলি জমি, ৮০ শতাংশ জায়গার বাড়ি নদীতে বিলীন হয়েছে। বসতভিটায় বসে তিনি বিলাপ করছেন। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুরের নড়িয়া উপজেলার শের আলী মাদবর কান্দি গ্রামের সালেহা বেগমের ৮ একর ফসলি জমি, ৮০ শতাংশ জায়গার বাড়ি নদীতে বিলীন হয়েছে। বসতভিটায় বসে তিনি বিলাপ করছেন। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা। পদ্মা নদীর তীরে বসতভিটায় বসে কান্না করছিলেন এক নারী। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন কয়েকজন। ওই নারী শরীয়তপুরের নড়িয়া উপজেলার শের আলী মাদবরকান্দি গ্রামের সালেহা বেগম (৬৫)। তাঁর ৮ একর কৃষিজমি, ৮০ শতাংশ জায়গার ওপর নির্মিত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেলাম রে। এখন পরিবারের ১১ সদস্য নিয়ে কোথায় দাঁড়াব?’ স্বজনেরা তাঁর কান্না থামানোর বৃথা চেষ্টা করে যাচ্ছিলেন। কিছুতেই কান্না থামাতে পারছিলেন না। শুধু সালেহা বেগমই নন, এমন চিত্র নড়িয়া ও জাজিরা উপজেলার ৯টি গ্রামের কয়েক শ পরিবারের।

গত তিন দিনে পদ্মার ভাঙনে নড়িয়া ও জাজিরা উপজেলার ৯টি গ্রামে ১৫০টি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনে সুরেশ্বর রক্ষা বাঁধের ১২০ মিটার বিলীন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৩৬টি পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ নিয়ে গত এক মাসে নদীভাঙনের শিকার হলো ৫৮০টি পরিবার।

ভাঙনের হুমকিতে রয়েছে গ্রামগুলোর আরও ২ হাজার ৫০০ পরিবার। এ ছাড়া সুরেশ্বর বাজারের ১৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, চণ্ডীপুর বাজারের ১২০টি, ওয়াপদা বাজারের ৪০টি, কায়েম খাঁর বাজারের ৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত তৈরি হয়েছে। গতকাল শনিবার পদ্মা নদীর পানি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে ৪ দশমিক ১৬ সেন্টিমিটার বেড়েছে। গত সাত দিনে পদ্মা নদীর পানি ৭০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ কারণে নদীর প্রবল স্রোতে নড়িয়া উপজেলার সুরেশ্বর, পাঁচগাঁও, সাহেবেরচর, চরনড়িয়া, শের আলী মাদবরকান্দি ও ঈশ্বরকাঠি, জাজিরা উপজেলার কলমিরচর, ইয়াকুব মাদবরকান্দি ও কায়েম খাঁর কান্দি এলাকায় ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভাঙনে ওই গ্রামগুলোর ১৫০টি পরিবার গৃহহীন হয়েছে।

গতকাল ভাঙন এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি সরকারি, বেসরকারি দপ্তরপ্রধান ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার সভা করেছেন।

ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের ছোটকোল গ্রামে আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারণ করছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের ছোটকোল গ্রামে আড়িয়াল খাঁ নদের ভাঙন তীব্র আকার ধারণ করছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার বলেন, নদীভাঙনে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাজিরায় ৩৫৮ পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য খাসজমি ও নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার জাজিরার কলমিরচর এলাকায় দুর্গতদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বি এম মোজাম্মেল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ এলাকায় চর ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙন রোধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চর ড্রেজিং করার ও বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে রয়েছে। আমরা প্রকল্পটি অনুমোদনের জন্য চেষ্টা করছি।’

শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, ৯ কিলোমিটার এলাকায় বাঁধ ও চর ড্রেজিংয়ের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। ওই প্রকল্প অনুমোদন না হওয়া পর্যন্ত ভাঙন রোধ করা সম্ভব নয়।

এদিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউপি চেয়ারম্যান সাদেকুজ্জামান জানান, পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে ইউনিয়নের গোলডাঙ্গি মসজিদ। মসজিদটি রক্ষার জন্য এলাকাবাসী বালুভর্তি বস্তা ফেলছে কিন্তু ভাঙন ঠেকাতে পারছে না।

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে রয়েছে চরনাসিরপুর ইউনিয়নের ছোটকোলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের পদ্মা-আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত ও নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান। পরিদর্শনকালে তিনি ছোটকোলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরিয়ে নিতে বলেন।

চরনাসিরপুর ইউনিয়নের বাসিন্দা মজিবর কাড়াল, কামরুল ও সিরাজ ব্যাপারী জানান, একদিকে নদের ভাঙন, অন্যদিকে পানি বাড়তে থাকায় তাঁরাসহ আরও অনেকেই তাঁদের বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।

ইউএনও রোকসানা রহমান জানান, সরেজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজখবর নিয়ে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।