তিন নম্বর সংকেত ও পাহাড়ধসের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কতাসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ নূর মোহাম্মদ আজ সোমবার বিকেলে বলেন, মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে। সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, আজ বেলা একটায় আবহাওয়া দপ্তর নতুন করে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ধসের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।