তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডোর আঘাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও পাঁচ শতাধিক গাছ ভেঙেছে। এ ছাড়া এই ইউনিয়নের মধুরচর গ্রামে সামান্তা বানু নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। গতকাল দুপুরে এই দুই গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে নুর মোহাম্মদের স্ত্রী সামান্তা বানু বজ্রপাতে নিহত হন। টর্নেডোর আঘাতে রসুলপুর গ্রামের তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ায় অনেক পরিবার বেড়ার ওপরে টিন রেখে তার নিচে আশ্রয় নিয়েছে। অনেকে পরিবারসহ অন্যের বাসায় আশ্রয় নিয়েছে।
রসুলপুর গ্রামের গৃহবধূ সেতারা বেগম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া ঘরের টিনের চালা দুমড়ে-মুচড়ে উড়িয়ে নিয়ে যায়। লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। ঘণ্টা খানেকের ঝোড়ো হাওয়ায় গ্রামের কয়েক শ ঘরের টিনের চালা উড়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বজ্রপাতে নিহত গৃহবধূর পরিবারকে ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হবে।