তিন-চার দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা
মাঝেমধ্যে দমকা হাওয়া বইছে। কিন্তু এই তীব্র গরমে তাতে তো শরীর জুড়াচ্ছে না। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা এক দিনে ১ থেকে ২ ডিগ্রি কমেছে। কিন্তু গরমের কষ্ট তাতে ১ ডিগ্রিও কমেনি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন-চার দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে দাবদাহের দাপট কমবে কি না, তার নিশ্চয়তা আপাতত অধিদপ্তর দিতে পারছে না। উল্টো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ গতকাল সোমবার থেকে আবারও বাড়তে শুরু করেছে। এতে গরমের অনুভূতি আরও বাড়তে পারে।
সিলেট ছাড়া দেশের বেশির ভাগ এলাকা গতকালও ছিল বৃষ্টিহীন। শ্রীমঙ্গলে গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হলেও সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। অর্থাৎ দাবদাহের খুব কাছাকাছি ছিল ওই তাপমাত্রা। তবে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কমে ৩৭ ডিগ্রি পর্যন্ত উঠেছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও রাজশাহী থেকে সরে সৈয়দপুরে গেছে। সৈয়দপুরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
গতকালও সিলেট ও মৌলভীবাজারের বেশির ভাগ স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবারও পরিস্থিতির অবনতি হতে পারে। গতকাল সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার যথাক্রমে ৭ ও ১৯ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। আজও এই নদী দুটির পানিপ্রবাহ বাড়তে পারে।