কক্সবাজারের বাঁকখালী নদীর বুক চিরে মহেশখালী চ্যানেলের দিকে এগিয়ে চলেছে আমাদের স্পিডবোট। কিছু দূর যাওয়ার পর নদীর দুধারে শুরু হলো উপকূলীয় নোনাজলের বাদা বন। মনে হলো যেন সুন্দরবনের ভেতর ঢুকে গেছি। নদীতে ভাটা, তাই স্পিডবোট দ্রুত চলতে পারছে না। কিছুক্ষণ পর নদীর পানি একেবারেই কমে যাওয়ায় স্পিডবোট আর নড়ানো গেল না। সারেং নুর আলম ২০ মিনিট অপেক্ষা করতে বলল।
এই ২০ মিনিট একেবারেই ফেলনা গেল না। বেশ কিছু জলচর পাখির ছবি তুলতে পারলাম। নদীর পাড়ে দুটি লাল-পা পিউ খাবার খোঁজায় ব্যস্ত ছিল। সবাই যখন ওদের ছবি তোলায় ব্যস্ত, তখন নীল আকাশে উড়ছিল একটি মধুবাজ। ওর দিকে ক্যামেরা তাক করতেই আমার ঠিক সামনে দিয়ে দ্রুত একটা পাখি উড়ে গেল। মধুবাজ ছেড়ে ক্যামেরা উড়ন্ত ছোট পাখিটির দিকে তাক করলাম। মাত্র তিন-চারটি ছবি তুলতে পারলাম। ছবি তোলার সময় খেয়াল না করলেও ঢাকায় এসে ল্যাপটপে ছবিটি দেখে নতুন একটি পাখি দেখার আনন্দে মনটা ভরে উঠল। কিন্তু পাখিটি অত্যন্ত অল্প সময় আমাদের সান্নিধ্যে থাকায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারলাম না। গত বছরের ১৮ জানুয়ারির ঘটনা এটি।
বিরল এই পাখিকে ভালোভাবে দেখার আসায় এ বছরের ১৩ মার্চ আবারও সোনাদিয়া দ্বীপপুঞ্জে গেলাম। এবার কিন্তু পাখিটিকে সোনাদিয়ার কালাদিয়া চরে সকাল-বিকেল দুই বেলা দেখলাম বেশ ভালোভাবে। তবে সংখ্যায় অত্যন্ত কম; মাত্র তিনটিকে দেখলাম। এবার বেশ কিছু ভালো ছবি তুলতে পারলাম।
এতক্ষণ যে পাখিটির কথা বললাম, সেটি এ দেশের এক বিরল ও মহাবিপন্ন পরিযায়ী সৈকত পাখি তিলা-সবুজ চাপাখি। ইংরেজি নাম স্পটেড গ্রিনশ্যাংক বা নর্ডম্যানস গ্রিনশ্যাংক। স্কেলোপেসিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Tringa guttifer। পূর্ব রাশিয়ার, বিশেষ করে শাখালিন দ্বীপের আবাসিক পাখিটি শীতে দক্ষিণ কোরিয়া ও চীন হয়ে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশে পরিযায়ন করে।
তিলা-সবুজ চাপাখি খাটো পা ও ঘাড়বিশিষ্ট গাঁট্টাগোট্টা ধরনের সৈকত পাখি। প্রাপ্তবয়স্ক পাখির দেহের দৈর্ঘ্য ২৯-৩২ সেন্টিমিটার, প্রসারিত ডানা ৫৫ সেমি ও ওজন ১৩৬-১৫৮ গ্রাম। উড়ন্ত অবস্থায় সাদা ডানা-ঢাকনি ও সাদা লেজ চোখে পড়ে। প্রজননহীন পাখির দেহের ওপরটা কম দাগ ছোপযুক্ত বালু-বাদামি এবং নিচটা সাদা।
তিলা-সবুজ চাপাখি শীতে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে, বিশেষ করে সোনাদিয়া দ্বীপপুঞ্জ ও দমার চরে দেখা যায়। উপকূলের কাদাচর, মোহনা, নিচু জলাশয়, স্যাঁতসেঁতে তৃণভূমি ও লবণের জমিতে একাকী, জোড়ায় বা অন্যান্য সৈকত পাখির মিশ্র দলে বিচরণ করে। অল্প পানিতে দৌড়ে বা হেঁটে হেঁটে কাদায় চঞ্চু ঢুকিয়ে শামুক, কাঁকড়া, চিংড়িজাতীয় প্রাণী, কেঁচো ইত্যাদি খুঁজে খায়। ওড়ার সময় নাকি সুরে একটিমাত্র ‘কোয়াং...’ শব্দে ডাকে।
জুন থেকে জুলাই প্রজননকাল। এ সময় ওরা রাশিয়ার পূর্বাঞ্চলের ওখোস্টক সাগরের দক্ষিণ-পশ্চিম ও উত্তর উপকূল এবং শাখালিন দ্বীপে প্রজনন করে। সচরাচর জলময় ডোবার মাটি থেকে দুই-চার মিটার ওপরে কনিফার বনের গাছে ডালপালা, লাইকেন ও শেওলা দিয়ে মাচার মতো বাসা বানায়। অনেক সময় মাটিতে ঘাসের ওপরও বাসা বানাতে পারে। স্ত্রী পাখি গাঢ় ছিটছোপযুক্ত হালকা জলপাই রঙের চারটি ডিম পাড়ে। ওদের ডিম ও ডিম ফোটাসংক্রান্ত তথ্য কম। আয়ুষ্কাল পাঁচ-ছয় বছর।