তিস্তার পানি বিপত্সীমার ওপরে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপত্সীমার (৫২ মিটার ৪০ সেন্টিমিটার) ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা নদীসংলগ্ন চর ও গ্রামগুলো প্লাবিত হয়ে সহস্রাধিক বাড়িঘর হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটের (স্লুইস গেট) সব কটি খুলে দেওয়া হয়েছে।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার দুপুরের পর থেকে পানি বাড়তে শুরু করে। ফলে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তাবেষ্টিত চর খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও পূর্ব খড়িবাড়ি গ্রামে বসবাসরত পাঁচ শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়ছে।
এ ছাড়া পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি-গয়াবাড়ি-ঝুনাগাছচাঁপানী-ডাউয়াবাড়ি-শৌলমারী-কৈমারী এলাকার চরাঞ্চলের গ্রামগুলোর সহস্রাধিক পরিবারের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বললে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান মোবাইলে প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে তিস্তা নদীর পানি ছিল ৫২ মিটার ৩৭ সেন্টিমিটার। যা বিপত্সীমার ৩ সেন্টিমিটার নিচে ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে পানি বিপত্সীমা অতিক্রম করে। বেলা তিনটায় পানি বিপত্সীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের সব কটি গেট খুলে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।