তিস্তার পানি বিপদ সীমার ওপরে, বিভিন্ন গ্রাম প্লাবিত
নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ি ঢলের কারণে আজ শনিবার সকাল থেকে এ ঘটনা ঘটেছে। এতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রাম ও চর প্লাবিত হয়েছে।
জেলার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গতকাল শুক্রবার রাত থেকে নদীর পানি বাড়ছে। আজ সকাল ছয়টার দিকে লালমনিরহাট জেলার দোয়ানীতে দেশের বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদ সীমার ১৫ সেন্টিমিটার, সকাল নয়টার দিকে ১৩ সেন্টিমিটার এবং দুপুর ১২টার দিকে বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে নদীর বিপদ সীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।
নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খানের ভাষ্য, উজানের পাহাড়ি ঢলের কারণে এসব চর ও গ্রাম প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী সুরত উজ জামানের ভাষ্য, উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সব (৪৪ টি) জলকপাট খুলে রাখা হয়েছে।