তীব্র শীত না-ও পড়তে পারে
আজ ২১ অগ্রহায়ণ। আর কয়েক দিন পরই চলে আসবে পৌষ মাস। তবু শীতের তেমন দেখা নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছর তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামবে না। তাই তীব্র শীত না-ও পড়তে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অধিপ্তরের পরিচালক শাহ আলমের দেওয়া ভাষ্য, এ সময় পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায়। এখনো বৃষ্টি হয়নি। উত্তরের সাইবেরিয়া থেকে শীতল বাতাস এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়, এটিও নেই। এসব কারণে শীত পড়ছে না।
তবে ৮ ডিসেম্বরের পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। তা বৃদ্ধি পাবে এর দু-এক দিন পর। ২০ ডিসেম্বরের দিকে দেশজুড়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান আবহাওয়াবিদ শাহ আলম।
আজ সকালে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস।