তীব্রতা কম, আতঙ্ক বড়

নেপালে ভূমিকম্প ছিল তীব্র মাত্রার। উৎপত্তিস্থল থেকে ৭৪৫ কিলোমিটার দূরত্বে বাংলাদেশে এসে তা মৃদু থেকে মাঝারি তীব্রতায় অনুভূত হয়েছে। কিন্তু এই তীব্রতার কম্পনে সারা দেশে তীব্র আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করে।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এই ভূমিকম্পের কারণে যে আতঙ্ক ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে দেশে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি ও সচেতনতা কতটা দুর্বল।
দেশের ভবন নির্মাণবিষয়ক যে আইন বা বিল্ডিং কোড রয়েছে, তা মেনে কেউ ভবন নির্মাণ করলে ৭ মাত্রার ভূমিকম্পেও তেমন কোনো ক্ষতি হওয়ার কথা না। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বলছে, সারা দেশে অনুভূত কম্পনের তীব্রতা ছিল ৩ থেকে ৫। আর যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণবিষয়ক সংস্থা ইউএসজিএস বলেছে, নেপালের ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৭ দশমিক ৯।
সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) থেকে বাংলাদেশের ভূমিকম্পবিষয়ক সর্বশেষ ২০০৯ সালের একটি ঝুঁকিবিষয়ক গবেষণা হয়। তাতে দেখা গেছে, দেশের ভেতরে ভূমিকম্প সৃষ্টির মতো যে ভূগর্ভস্থ ফাটল ছিল, তা নিষ্ক্রিয় হয়ে গেছে। অর্থাৎ দেশের ভেতরে মাঝারি বা তীব্র ভূমিকম্পের আশঙ্কা নেই। মূল ভয় বাংলাদেশের তিন দিকে মিয়ানমার, নেপাল ও ভারতের ভূমিকম্প। এই তিন দেশে মাঝারি থেকে তীব্র ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো ভূগর্ভস্থ ফাটল রয়েছে। এই এলাকায় ৮ থেকে ১০ মাত্রার ভূমিকম্প হলে তা বাংলাদেশে বড়জোর মাঝারি মাত্রায় অনুভূত হবে। জলাভূমি ভরাট করে এবং ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিত নগরায়ণ বাড়ছে। এতে এই মাঝারি ভূমিকম্পেও ক্ষতির আশঙ্কা থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক মাকসুদ কামালের পিএইচডি গবেষণা অনুযায়ী, রাজধানীর ৩৫ শতাংশ এলাকা শক্ত বা লালমাটি দিয়ে গঠিত। আর বাকি ৬৫ শতাংশ এলাকা নরম মাটির ও জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছে।

পুরান ঢাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুরের একাংশ শক্ত মাটির ও বাকি এলাকা নরম মাটি দিয়ে গঠিত।
মাকসুদ কামালের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল শনিবার লাল বা শক্ত মাটির এলাকায় অনুভূত তীব্রতা ছিল ৩ থেকে ৪। আর নরম মাটি ও জলাভূমি ভরাট করে নির্মাণ করা এলাকায় তা ছিল ৪ থেকে ৫। বিদ্যমান পরিবেশ সংরক্ষণ আইন ভেঙে জলাভূমি ভরাট করে যেসব ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো যে কতটা ঝুঁকিপূর্ণ, তা আবারও প্রমাণ করল।
ভূমিকম্প বিশেষজ্ঞরা আরও বলছেন, ভূমিকম্পের সময় ভবন থেকে তাড়াহুড়ো করে বের হওয়া ভূমিকম্প বিষয়ে সচেতনতার ঘাটতিকেই প্রমাণ করে। কেননা, নিয়ম অনুযায়ী ভূমিকম্পের সময়কাল কয়েক সেকেন্ড থেকে বড়জোর এক মিনিট হতে পারে। এই সময়ে ভবন থেকে দ্রুত বের হওয়া সম্ভব নয়। সে জন্য ভবনের বিম বা শক্ত কোনো টেবিলের নিচে অবস্থান নিতে হয়। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, তাড়াহুড়ো করে নামতে গেলে উল্টো ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি সেন্টারের পরিচালক ও ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন আখতারের মতে, ভূমিকম্পটির অনুভূত তীব্রতা পঞ্চগড়-দিনাজপুর-বগুড়া ও রাজশাহীতে ৪ থেকে ৫, দেশের অন্যান্য এলাকায় যা ছিল ৩ থেকে ৪।
হুমায়ুন আখতার বলেন, এই সামান্য তীব্রতার ভূমিকম্পের কারণে যে কটি ভবনই ক্ষতিগ্রস্ত হোক না কেন, তা অনাকাঙ্ক্ষিত। দেশের বিল্ডিং কোড ভূমিকম্পের ঝুঁকিবিষয়ক হালনাগাদ তথ্যের আলোকে তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিল্ডিং কোডই কেউ মানছে না। যে কারণে এই মৃদু থেকে মাঝারি ভূমিকম্পের কারণে ভবন হেলে পড়ছে। কিন্তু আমাদের যদি ভূমিকম্পের ঝুঁকি বিষয়ে সত্যিকার অর্থে প্রস্তুতি নিতে হয়, তাহলে ভূমিকম্পবিষয়ক হালনাগাদ তথ্যের ভিত্তিতে নতুন করে বিল্ডিং কোড তৈরি করতে হবে এবং তা শক্ত হাতে বাস্তবায়ন করতে হবে।’