তুখোড় শিকারি টিকিবাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিবাজের ছবিটি সাতছড়ি বন থেকে তুলেছেন আদনান আজাদ
টিকিবাজের ছবিটি সাতছড়ি বন থেকে তুলেছেন আদনান আজাদ

তুখোড় শিকারি এই পাখি সাধারণত ডাকাডাকি করে না। শিকারের জন্য ওত পেতে থাকে ডাল-পাতার আড়ালে। শিকার নাগালে আছে বুঝলেই দুর্দান্ত ডাইভ মেরে আর হাঁক ছেড়ে শিকারকে ধাওয়া করে। এদের শিকার মূলত ছোট ও মাঝারি পাখি—ঘুঘু, কবুতর, হরিয়াল ইত্যাদি। বনমোরগ ও ময়ূর শিকারের রেকর্ডও আছে এদের। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাড়ি এমন সহকর্মীর কাছ থেকে জেনেছি, সুযোগ পেলে খরগোশ ছানাও শিকার করে এরা। ওই এলাকায় অনেক আখমহাল আছে, ওই আখমহালে বুনো খরগোশ আছে। আমি নিজেও বহুবার গেছি ওখানে। খোলা জায়গায় খরগোশ ছানাকে মাটি ছুঁই ছুঁই করে ধাওয়া করে কোমরে নখর বিঁধিয়ে দেয় এরা।

তুখোড় গেরিলা শিকারি এই দুর্লভ আবাসিক পাখির নাম টিকিবাজ বা খোঁপাবাজ। ইংরেজি নাম Crested Goshawk, বৈজ্ঞানিক নাম Accipiter trivirgatus। দৈর্ঘ্য ৪০-৪৬ সেন্টিমিটার। ডানা অপেক্ষাকৃত খাটো। কপাল ও পিঠ, মাথার তালু ও পেছন দিকের ছোট ঝুঁটিটার রং ঘন বাদামি। লেজের ওপরে আড়াআড়ি ৪টি কালচে-ধূসর মোটা রেখা টানা। বুক-পেট ও গলা সাদা। বুকে খাড়া খাড়া ঘন লালচে রেখা টানা আছে, বুকের নিচ থেকে পেট পর্যন্তও আছে আড়াআড়ি চওড়া রেখা। পা ও পায়ের পাতা হলুদ, নখর কালচে।

 বাস করে বনের উঁচু ঝোপালো গাছে। ডিম পাড়ে ২-৩টি। ডিম ফুটে ছানা হয় ২৮-৩৫ দিনে। ডিম-ছানার নিরাপত্তার জন্য এরা পালাক্রমে তা যেমন দেয়, তেমনি দেয় পাহারা।