বছর দুই আগের কথা। দিনাজপুরের হিলি থেকে অন্যান্য গাছের সঙ্গে গাছটি কিনেছিলেন এক বাগানি। বিক্রেতা তখন গাছটির নাম বলতে পারেননি। শুধু বলেছিলেন, এটা বিদেশি ফুলগাছ। এখন গাছটির উচ্চতা প্রায় ছয় ফুট। ফুল ফুটেছে এবারই। এবার নাম না জানা গাছটির পরিচয় বের করতে ব্যাকুল হয়ে ওঠেন বাগানি। ফুলসহ গাছের ছবি তুলে পাঠান প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক মোকারম হোসেনের কাছে। তিনি ছবি দেখে বলেছেন, এটা Sambucus বা elder tree।
এই বাগানির নাম মাহবুবুল ইসলাম। বাড়ি সিরাজগঞ্জের বাজারভদ্রঘাট কামারখন্দ গ্রামে। সেখানে এই গাছের অজস্র ফুল শোভা পাচ্ছে।
মোকারম হোসেন প্রথম আলোকে বলেন, এটা বাগানের শোভাবর্ধনকারী বাইরের দেশের একটি গাছ। একজন শৌখিন বাগানি তাঁর বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য সীমিত আকারে এই গাছ রাখতেই পারেন। তাঁরা রমনা পার্কে এই গাছ লাগিয়েছেন। সেটাতেও ফুল ফুটেছে। আরেকটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। তিনি বলেন, মাহবুবুল ইসলাম তাঁকে ছবি পাঠিয়েছিলেন। ছবি দেখে তিনি গাছটি শনাক্ত করেছেন।
বাংলায় আপাতত নাম নেই। ইউরোপ এবং উত্তর আমেরিকার স্থানীয় ফুলের গাছের একটি প্রজাতি। গাছটি শোভাময় ঝোপঝাড় বা ছোট গাছ হিসেবেও ব্যাপকভাবে জন্মায়। আবার লম্বা ও প্রশস্ত হয়। এ গাছ ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। গাছটির উচ্চতা এখন প্রায় আট ফুট।
মাহবুবুল ইসলাম বর্তমানে রাজশাহীতে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। বাগান করা তাঁর শখ। তিনি বলেন, দুই বছর আগে ভিয়েতনাম ও কেরালার খাটো জাতের নারকেলগাছের চারার সঙ্গে তিনি গাছটি পেয়ে যান। অচেনা গাছ হলেও বিদেশি ফুলের গাছ হিসেবে তিনি শখ করে ৫০০ টাকা দিয়ে কিনেছিলেন। গাছের পাতাগুলো দেখতে কিছুটা নিমগাছের মতো, তবে পাতা নিমপাতার চেয়ে চওড়া। এটি দ্রুত বর্ধনশীল গাছ। ফুলের জন্য তাকে দুই বছর অপেক্ষা করতে হয়। এবার মে মাসের শুরুর দিকে গাছে ফুল এসেছে। কৃষ্ণচূড়ার মতো গুচ্ছ গুচ্ছ তুষারশুভ্র ফুলে গাছের সবুজ পাতা অনেকটাই ঢেকে ফেলেছে।
২০১২ সালে বন বিভাগ ৪৫ প্রজাতির গাছকে দেশে বিলুপ্ত ঘোষণা করে। এর ৪৩টিই মাহবুবের বাগানে আছে। দেশে মহাবিলুপ্ত বাঁশপাতিগাছ রয়েছে এই বাগানে। বাগানের অন্যান্য দুর্লভ কিছু গাছের মধ্যে ঢাকিজাম, উড়িয়াম, সিভিট, মাইলাম, ভুঁইকদম, কন্যারী, বান্দরহুলা, গুডগুটিয়া, হুলদু, সিদাজারুল, রক্তন, রাতা, তুন, দুদকুরুজ, বিহদারুল, ধূপ, লোহা, লুকলুকি, কিছু দুর্লভ ফুলগাছের মধ্যে কুসুম, ঝুমকোবাদি, জ্যাকটোভা, ট্যাবাবুয়া, অনন্তলতা, নীলমণি লতা উল্লেখযোগ্য। একটি গাছের নাম সিঁদুর। একটি গাছের নাম পানমসলা। পাতা মুখে দিলে চমৎকার একটা স্বাদ পাওয়া যায়। আরেকটি গাছের নাম গান্ধীগজারি। দুর্গন্ধে আবার এ গাছের কাছে ঘেঁষা দায়। চা ও কফিগাছও রয়েছে বাগানে। তিন ধরনের গর্জনগাছ আছে—তেলিগর্জন, ধলিগর্জন ও শ্বেতগর্জন। এগুলোর মধ্যে শ্বেতগর্জন উপকূলীয় এলাকা ছাড়া হয় না।
দুর্লভ গাছগুলো যাতে প্রকৃতি থেকে হারিয়ে না যায়, সে জন্য মাহবুবের প্রচেষ্টা। ২০০৩ সাল থেকে তিনি নিজের বাড়ির আঙিনা থেকে বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেন। এখন তাঁর পাঁচ বিঘার বাগান। বাগানে রয়েছে ৩৪৫ প্রজাতির দুর্লভ গাছ। এই গাছ প্রকৃতিতে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছেন। তিনি উপহার হিসেবে তাঁর বাগানের দুর্লভ গাছগুলো বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান, রাজশাহী কলেজ ও বিভিন্ন উৎসাহী ব্যক্তিকে দিয়েছেন। সুন্দরী ও গোলপাতাগাছ তিনি টবে চাষ করে সফল হয়েছেন। টবের গাছ তিনি ‘গিফট আইটেম’ হিসেবে প্রিয়জনদের উপহার দিয়ে থাকেন।