তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা, রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ছয় দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের এই জনপদ। দিনভর মেঘলা আকাশ ও ঘন কুয়াশার কারণে সূর্যের উত্তাপ ছড়াতে না পারায় জেঁকে বসেছে শীত।
রাতভর বৃষ্টির মতো ঝরা কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষের কমেছে কাজের গতি। গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত জেলাজুড়ে ঘন কুয়াশা। এর মধ্যে প্রতিদিন দুপুরবেলা আকাশের মেঘ আর কুয়াশা ভেদ করে স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ছড়াতে পারছে না রোদের তীব্রতা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এসব তাপমাত্রা সারা দেশের সর্বনিম্ন ছিল না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও আজ এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা ওঠানামা করলেও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এ ছাড়া কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসতে পারছে না। শীত তাই বেশি অনুভূত হচ্ছে। আগামী দু-তিন দিন আকাশ এমন মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশা থাকতে পারে বলে তিনি জানান।
শীতের তীব্রতা বাড়ায় শহর ও সড়কে সন্ধ্যার পরপরই লোকসমাগম কমতে দেখা যাচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়কে দিনের বেলাও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকালবেলা গ্রাম এলাকায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। সেই সঙ্গে শহরের গরম কাপড়ের দোকানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পঞ্চগড়ে শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ২১ হাজার ২০০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়েছে।