তেল ছড়িয়ে পড়া এলাকাকে জরুরি দুর্যোগপূর্ণ ঘোষণা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে তেল অপসারণের নামে দুর্ঘটনার আলামত দৃষ্টিগোচরের বাইরে নেওয়ার মহাযজ্ঞ চলছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। পূর্ব সুন্দরবনে তেল ছড়িয়ে পড়া এলাকাকে জরুরি দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি জানিয়েছে সংগঠন দুটি। তেল অপসারণের কাজে প্রশিক্ষিত সরকারি বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন বাপা ও জাতীয় কমিটির নেতারা।
বাপা ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে সংগঠন দুটি থেকে এই দাবিসহ মোট ছয়টি সুপারিশ তুলে ধরা হয়। সুন্দরবনের বর্তমান সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ‘শ্যালা নদীতে তেল ট্যাঙ্কার দুর্ঘটনা: বিপর্যস্ত সুন্দরবনের পরিবেশ, বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পরিদর্শন প্রতিবেদনে বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, তেল ছড়িয়ে পড়ার চার দিন পর বন বিভাগ ১০০ নৌকা ও ২০০ লোকবল নিয়ে তেল অপসারণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দেয়। যেসব গুল্ম ও ছোট গাছের গায়ে তেল লেগেছে, তা নির্বিচারে কেটে নিয়ে নৌকা ভরে নিয়ে আসতে দেখা গেছে। দৃশ্যত তেল অপসারণের বদলে এই দুর্ঘটনার আলামত আড়াল করার এক মহাযজ্ঞ চোখে পড়েছে।
সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সুন্দরবনে তেল ছড়িয়ে পড়া মোকাবিলায় সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করেনি। দুর্ঘটনার পরপরই দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণ করা উচিত ছিল।’ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব ডা. মো. আবদুল মতিন।