তেল দ্রুত অপসারণের দাবি

বাংলাদেশের গর্ব সুন্দরবন আজ ভয়াবহ হুমকির মুখোমুখি। জরুরি ভিত্তিতে তেল অপসারণের জন্য স্থানীয়ভাবে প্রাপ্য উপকরণ দিয়ে কয়েক শ স্বেচ্ছাসেবক নিযুক্ত করা দরকার। সরকার দ্রুত এ উদ্যোগ নিলে সুন্দরবনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। কিন্তু গত দুই দিনে সরকারের আন্তরিকতা চোখে পড়লেও জরুরি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘সুন্দরবন পর্যবেক্ষণ দল’-এর ব্যানারে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল), ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (ইক্যুইটিবিডি), ফরেস্ট পিপলস প্রোগ্রাম (এফপিপি) ও ম্যানগ্রোভ অ্যাকশন প্রোজেক্ট (ম্যাপ) ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্য পড়েন ক্লিনের প্রধান সঞ্চালক হাসান মেহেদী। তিনি বলেন, ২০০২ সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুন্দরবনে তেল-দূষণের সম্ভাব্য ক্ষতি বিষয়ে একটি সমীক্ষা চালায়। কোনো দুর্ঘটনার পর তেল-দূষণ থামানো না গেলে প্রথম ১৫ দিনের মধ্যে পাখি, কচ্ছপ, ছোট মাছ এবং অমেরুদণ্ডী প্রাণী মারা যেতে পারে বলে ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছিল। প্রতিবেদনে তেল-দূষণ রোধ করার জন্য বন বিভাগের সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ কেনা এবং স্থানীয়ভাবে প্রাপ্য বিভিন্ন উপকরণ দিয়ে স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছিল। ওই প্রতিবেদনের পর এক যুগ পার হয়ে গেলেও কোনো প্রস্তুতিই নেওয়া হয়নি।

হাসান মেহেদী আরও বলেন, ২০১১ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনের ভেতরের নৌপথ বন্ধ করার নির্দেশ দেন। ২০১২ সালের ২১ আগস্ট পরিবেশ ও বন মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে একই দাবি জানায়। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় এর কোনো তোয়াক্কা করেনি। সংবাদ সম্মেলনে সুন্দরবনে তেলবাহী জাহাজডুবির ঘটনায় পরিবেশগত দুর্যোগ ঘোষণা, জরুরি ভিত্তিতে সুন্দরবনের নদী ও খাল থেকে তেল অপসারণের জন্য সম্মিলিত সামরিক-বেসামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবক নিয়োগ, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার, সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও সুন্দরবনের ভেতর দিয়ে নৌ চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়।