
৭৫ বছর বয়সী ইজাতন বেওয়ার সংসারে পুরুষ কেউ নেই। বন্যায় দুই নাতি-নাতনি নিয়ে ঠাঁই নিয়েছেন বাঁধে। ঘরে একমুঠো খাবার নেই। গত শনিবার ত্রাণের আশায় দিনভর ছোটাছুটি করেন। কিন্তু দিন শেষে ফেরেন খালি হাতে।
গতকাল রোববার ইজাতন বেওয়ার সঙ্গে কথা হয় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের রোহদহ পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। সেখানেই পলিথিনের ঝুপড়ি ঘরে থাকছেন তিনি। পেছনে যমুনার স্রোতের গর্জন।
রোহদহ পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঝুপড়ি ঘরে আরও আশ্রয় নিয়েছেন সালেহা বেওয়া, ফিরোজা বেগম, লতিফুন বেওয়াসহ প্রায় দেড় শ মানুষ। প্রতিদিন সকাল থেকেই ত্রাণের আশায় তাঁরা বাঁধের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করছেন। কিন্তু ত্রাণ মিলছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সারওয়ার আলম বলেন, বন্যায় সারিয়াকান্দির ৫০টি গ্রাম প্লাবিত হয়ে ১০ হাজার পরিবারের অর্ধলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জলমগ্ন হয়ে পড়ায় উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৩টি ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের সবগুলোয় পাঠদান বন্ধ হয়েছে। তলিয়ে গেছে সাড়ে তিন হাজার হেক্টর জমির পাট, আউশ, বীজতলা ও শাকসবজির খেত।
গতকাল সকাল নয়টার দিকে গিয়ে দেখা যায়, রোহদহ বাঁধে ঝুপড়ির ভেতরে পাতিলে পাটের শাক সেদ্ধ করছেন ইজাতন বেওয়া। নাতনি চাঁদনি ও নাতি মাহিন চুলার কাছে বসে রান্না শেষ হওয়ার অপেক্ষা করছে। ইজাতন বলেন, ‘রোহদহ গাঁওত একনা ঘর আছে। সাত দিন ধরে তা পানিবন্দী। তিন দিন আগে ঘর ছাড়ে বাঁধত আসে উঠচি। ঘরোত দুই কেজি চাল আছিল। একন শ্যাষ। উদিন (শনিবার) শোননু, হামাকেরে এমপি বানভাসি মানুষক চাল দিচ্চে, টেকা দিচ্চে। সারা দিন এই পুরাতন বাঁধ থ্যাকে ওই লতুন বাঁধোত ছুটাছুটি করনো। ২০ টেকা দিয়ে নৌকায় খেওয়া পার হনো। সারা দিন ছুটাছুটি করনো। বাঁধোত বসে থাকনো। আজও অ্যাকনা ইলিফ কেউ দিল না। খিদায় জানডা বার হয়্যা যাচ্চে, কেউ অ্যাকনা চাল দিলে দুডা ছলোক নুন দিয়ে পান্তা খাওয়াবার পারনুহুনি।’
ইজাতন বেওয়া বলেন, তাঁর স্বামী ছমির উদ্দিন শেখ ও ছেলে কমর উদ্দিন মারা গেছেন। মারা গেছে মেয়ে ও তাঁর জামাইও। এখন অন্যের বাড়িতে কাজ করে মেয়ের দুই ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন তিনি। আর চার শিশুকে নিয়ে ক্ষুধার সঙ্গে লড়ছেন তাঁর বিধবা পুত্রবধূ মরিয়ম বেওয়া।
বাঁধে আশ্রয় নেওয়া লতিফুন বেওয়া বলেন, ‘সংসারত অ্যাকনা পুরুষ মানুষও নাই। অন্যের বাড়িত কাজ করে খাই। কাজকাম বন্ধ। ঘরোত কিছুই নাই। বুড়া মানুষ। না খায়্যা থাকতে খুব কষ্ট হচ্ছে।’
সকাল সাড়ে নয়টার দিকে কামালপুর ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতল ভবনের নিচতলার মেঝে পর্যন্ত বন্যার পানি ছুঁই ছুঁই করছে। ১০-১২টি পরিবার আশ্রয় নিয়েছে সেখানে।
এখানে আশ্রয় নেওয়া গৃহবধূ জোসনা বেগম জালি কুমড়া কেটে রান্না করছিলেন। তিনি বলেন, সাত দিন আগে বাড়িঘর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছেন। দিনমজুর স্বামীর আয়-রোজগার বন্ধ। ভাতের চালও ফুরিয়ে এসেছে। এখন পর্যন্ত কোনো ত্রাণসহায়তা মেলেনি।
অনাহারে দিন কাটানোর কথা বলেন এখানে আশ্রয় নেওয়া সাজেদা বেওয়া, খাতেমন বেওয়া, তালেব আলী, শামসুল আলমসহ অনেকে।
কামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর রহমান বলেন, তাঁর ওয়ার্ডে ৬৮০ পরিবার বর্তমানে পানিবন্দী। শনিবার পর্যন্ত মাত্র ৮০টি পরিবার ২০ কেজি করে চাল ত্রাণ হিসেবে পেয়েছে। তবে রেড ক্রিসেন্ট সোসাইটি বেশ কিছু পরিবারকে নগদ অর্থসহায়তা দিয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ঘরে খাবার না থাকার এই চিত্র কর্নিবাড়ি থেকে কামালপুর ইউনিয়নের গোদাখালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ বিকল্প বাঁধেআশ্রয় নেওয়া হাজার হাজার বানভাসি মানুষের। খাদ্যসংকটে দিন কাটছে বন্যাকবলিত রোহদহ, ঘুঘুমারি, শেখপাড়া, হাওয়াখালি, চন্দনবাইশা, নিজ চন্দনবাইশা, ফকিরপাড়া, আকন্দপাড়ার মানুষজনেরও। অনেকেই এখনো পানিবন্দী হয়ে বসতবাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এবং উঁচু জায়গায় মাচা ফেলে জীবনযাপন করছেন।
বাঁধে আশ্রয় নেওয়া ঘুঘুমারি শেখপাড়ার দিনমজুর ফল্টু খাঁ বলেন, ‘সাত দিন ধরে বাঁধোত রাত কাটাচ্চি। এখন পর্যন্ত এক কেজি ত্রাণের চালও কপালে জোটেনি। বানভাসি মানুষের জন্য ত্রাণ বরাদ্দ দেওয়া হলেও তা পাচ্ছে শুকনো এলাকার মানুষ।’
ত্রাণ না পাওয়ার কথা বলেন বিকল্প বাঁধে আশ্রয় নেওয়া বাদশা মিয়া, আবদুল খালেক, সানোয়ার হোসেনসহ অনেকে। তাঁরা আরও বলেন, প্রায় এক সপ্তাহ ধরে বানভাসি মানুষেরা অমানবিক জীবন যাপন করছেন। বাঁধে ঝুপড়ি ঘর তুলে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই মিললেও হাতে কাজ নেই, ঘরে ভাত নেই। ত্রাণসহায়তাও খুবই কম। রয়েছে খাবার পানির সংকট। স্যানিটেশন সমস্যায় নারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পানিবন্দী গ্রামগুলোতে দেখা দিয়েছে চর্মরোগ, ডায়রিয়ার মতো রোগের প্রকোপ।
জানতে চাইলে জনস্বাস্থ্য অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুজ্জামান বলেন, বাঁধে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য রোববার পর্যন্ত ২৫টি টিউবওয়েল বসানো হয়েছে। এ ছাড়া বসানো হয়েছে ৬০টি কাঁচা পায়খানা।
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবদুল মান্নান রোববার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, দুর্গত এলাকায় ত্রাণসহায়তা অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও পর্যাপ্ত চাল মজুত রয়েছে। সোমবার (আজ) আরও তিন হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে গৃহ নির্মাণসহায়তা এবং কৃষি পুনর্বাসনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।