থেমে থেমে বৃষ্টি চলতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আজ সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সাধারণত অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। এ সময় পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে।

মৌসুমি বায়ু এখন সারা দেশেই সক্রিয়। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে গতকাল রোববার মাঝারি বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে গত কয়েক দিনের বৃষ্টির তুলনায় গতকালের বৃষ্টি ছিল মাঝারি।

গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়। এই বৃষ্টির পরিমাণ ছিল ২১ মিলিমিটার। চাঁদপুরে ১৪ মিলিমিটার, ঈশ্বরদীতে ১৫ মিলিমিটার, সাতক্ষীরায় ১০ মিলিমিটার ও মাইজদীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও বিহারে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। এ কারণে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে।

ঢাকায় আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এখন যে বৃষ্টি হবে, তা তীব্র হবে না। এই বৃষ্টির মাত্রা হবে হালকা থেকে মাঝারি ধরনের। তবে বৃষ্টি টানা হবে না। থেমে থেমে হতে পারে।