দক্ষিণ ছেড়ে বৃষ্টি এবার উত্তরে
মাসের শুরুতে বৃষ্টি-বাদল ছিল দেশের দক্ষিণাঞ্চলে। এক সপ্তাহ ধরে তা সরে গেছে উত্তরাঞ্চলে। তবে রাজধানীর আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। কোনোটি ধূসর আবার কোনোটি পেঁজা তুলার মতো ছেঁড়া ছেঁড়া। এই ছিন্নভিন্ন মেঘের কারণেই রাজধানীতে দুদিন ধরে নিরবচ্ছিন্ন বৃষ্টি হচ্ছে না। মালিবাগ-মগবাজারে যখন তুমুল বৃষ্টি, মিরপুর তখন বৃষ্টিহীন।
আবহাওয়াবিদেরা দেশের বিভিন্ন স্থানের বৃষ্টিপাতকে বর্ষাকালীন আবহাওয়ার স্বাভাবিক নিয়ম বলেই মনে করছেন। তবে ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। কাগজে-কলমে ১৫ আগস্ট বাংলার বর্ষা বিদায় নিলেও প্রকৃতিতে তা সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে মনে করছেন তাঁরা।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, আজ দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সবচেয়ে ক্রিয়াশীল থাকবে। ফলে রংপুর অঞ্চলের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হতে পারে। আর রাজশাহী ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক স্থানেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগর থেকে উঠে আসা মৌসুমি বায়ু বর্তমানে দেশের উত্তর ও মধ্যাঞ্চল দিয়ে যাচ্ছে। ফলে ওই অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী দু-এক দিন থেমে থেমে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিলে বৃষ্টিপাত কমে আসবে।
গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুরে ১৯১ মিলিমিটার। এ ছাড়া সৈয়দপুরে ১১৭, দিনাজপুরে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে গতকাল সারা দিনে মাত্র ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। আর খুলনা ও রাজশাহী খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে।