
নিম্নচাপের প্রভাবে গতকাল সোমবার সারা দিন বৃষ্টি হয়েছে। পটুয়াখালী, ভোলা ও বরগুনায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। দুই দিন ধরে চার জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বরগুনার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হওয়ায় এসব গ্রামের প্রায় ৪০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
উপকূলীয় এলাকায় অভ্যন্তরীণ সব নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সারা দিন বৃষ্টি হওয়ায় বরগুনা, পটুয়াখালী ও খুলনায় ঈদের বাজারেও ভাটা পড়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল ভোলার মেঘনা নদীতে বিকেলে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ৬৫ মিটার। ভোলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনোয়ার হোসেন গতকাল সোমবার বিকেলে বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলায় ২০টি গ্রাম ও ৩০টি চরাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলছেন, পাঁচ শতাধিক মাছের পুকুর-ঘের ডুবে গেছে। চরফ্যাশন উপজেলায় মাছের দুটি ট্রলার ডুবে গেছে। সরেজমিনে দেখা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর এলাকা দিয়ে পানি ঢুকে ৩০০ পরিবারের ২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চৌমহনী এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
দুর্ভোগ পোহাচ্ছে দৌলতখান ও তজুমদ্দিন উপজেলার মদনপুর, হাজীপুর, মনপুরা, দক্ষিণ সাকুচিয়া ও হাজিরহাট ইউনিয়নের অন্তত ৩৫ হাজার মানুষ। এই এলাকাগুলোতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নেই।
বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় এক মিটার পানি বেড়েছে। পায়রা বন্দরসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে জোয়ার ও বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে বিপণিবিতানগুলোতে ক্রেতা কম।
পটুয়াখালী নদীবন্দর জেলার অভ্যন্তরীণ ২২টি নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জোয়ারের পানির প্রবল স্রোতে জেলার রাঙ্গাবালী উপজেলার চর বেষ্টনী ও মধ্য চালিতাবুনিয়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, রোববার রাতে ও গতকাল সোমবার জোয়ারের পানির চাপে বাঁধের কিছু অংশ ভেঙে গেছে।
কলাপাড়া পৌর শহরের বড় বড় বিপণিবিতানে ঈদ উপলক্ষে দোকানিরা নতুন কাপড় তুলেছেন; অথচ দুই দিন ধরে এসব দোকানে কোনো বিক্রি নেই।
নিম্নচাপের কারণে গত রোববার দুপুর থেকে খুলনায় বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সোমবার সারা দিন একই অবস্থা। দুই দিনের বৃষ্টিতে নগরের সড়কগুলো তলিয়ে গেছে। ডাকবাংলা এলাকার ফুটপাতের কাপড় ব্যবসায়ী নিত্যানন্দ ঘোষ বলেন, তাঁদের মূল ব্যবসা ঈদকে কেন্দ্র করে। বৃষ্টিতে বাজারে ক্রেতা কম। আর যেসব ক্রেতা আসছেন, বৃষ্টির কারণে তাঁরা বড় বড় দোকানে চলে যাচ্ছেন।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মৌসুমী নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং এটা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ জন্য সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর সতর্কসংকেত এবং নৌবন্দরে ২ নম্বর সংকেত জারি করা হয়েছে।
বরগুনার আমতলী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত দুই দিনের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণের প্রভাবে বঙ্গোপসাগর ও পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় এক মিটার পানি বেড়েছে। এতে আমতলীর বালিয়াতলীর বয়াতিবাড়ি-সংলগ্ন ২০০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বালিয়াতলী, ঘোপখালী, পশুরবুনিয়া, দক্ষিণ ঘোপখালী ও চরকগাছিয়া; তালতলী উপজেলার তেতুঁলবাড়িয়া এলাকার এক কিলোমিটার ভাঙা বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে পানি ঢুকে তেতুঁলবাড়িয়া, নলবুনিয়া, আগাপাড়া ও মোয়াপাড়া গ্রাম প্লাবিত হয়েছে।
এ ছাড়া বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে বঙ্গোপসাগর ও পায়রা নদীসংলগ্ন তালতলী উপজেলার নিদ্রা-সকিনা, ফকিরহাট, তালুকদারপাড়া, নিশানবাড়িয়া, ফাতরা, খোট্টারচর, আশারচর, তালতলী, চরপাড়া, গাবতলী, লেমুয়া, মৌপাড়া, ছোটবগি, পচাকোড়ালিয়া, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া; আমতলী উপজেলার ফেরিঘাট, লঞ্চঘাট, শ্মশানঘাট, আমুয়ারচর ও গুলিশাখালী গ্রাম পানিতে নিমজ্জিত হওয়ায় এসব এলাকার পরিবারগুলো পানিবন্দী অবস্থায় রয়েছে।
আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামের সাইদুল মুন্সি ও নান্নু বয়াতি জানান, গতকাল সকালে জোয়ারের চাপে বয়াতিবাড়ির সংলগ্ন স্থানের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১০০ ফুট ভেঙে যায়।
একই উপজেলার গাবতলী গ্রামের আইউব আলী ফরাজী বলেন, গাবতলী, লেমুয়া ও চরপাড়া তিনটি আবাসনের ৫২টি ব্যারাকে ৫২টি পরিবার বসবাস করে। পায়রা নদীতে পানি বাড়ায় আবাসন তলিয়ে ওই পরিবারগুলো দুর্ভোগে পড়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরিশাল এবং পটুয়াখালী, ভোলা, খুলনা, বরগুনা ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি}