
কোনো কোনো পাখির মধ্যে বাসা দখলের প্রবণতা রয়েছে। আকার, শক্তি বা সাহসে সেরা পাখিই সাধারণত ছোট, দুর্বল ও ভীরু পাখির বাসা দখল করে। কিন্তু বাবুইয়ের চেয়ে ছোট ও কম শক্তিসম্পন্ন কোনো পাখি ওদের বাসা দখল করছে—ভাবাই যায় না।
মৌলভীবাজারের আদমপুরে যাওয়ার পথে কমলগঞ্জ। সকাল নয়টা। তালগাছে ১৫-১৬টি বাসার কলোনিতে বাবুইরা নিত্যদিনের কাজকর্মে ব্যস্ত। একটি পুরুষ বাবুই তার অর্ধসমাপ্ত বাসার সামনে ডানা ঝাপটিয়ে এবং উড়ে উড়ে নানা কসরত করছে। স্ত্রীটি বাসার ওপর বসে ঠোঁট দিয়ে বাসার বুনন পরীক্ষা করছে। বাসা পছন্দ হলেই সে পুরুষের আহ্বানে সাড়া দেবে এবং পুরুষটি বাসার বাকি কাজ শেষ করবে। স্ত্রী কিন্তু মোটেও সাহায্য করবে না, বরং চিফ ইঞ্জিনিয়ারের মতো বসে থাকবে এবং নির্দেশনা দেবে। পুরুষটি বাসার কাজ সুচারুভাবে সম্পন্ন করবে। আমি ক্যামেরার ভিউ ফাইন্ডারে এসব কীর্তিকলাপ উপভোগের পাশাপাশি শাটারে ক্লিক করছিলাম।
এমন সময় এক জোড়া বাবুইকে দেখলাম, তাদের চেয়ে ছোট এক জোড়া পাখিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ছোট্ট পাখিজোড়া উড়ে দূরে চলে গেল। বাবুইজোড়া কলোনিতে ফেরত এল। কিছুক্ষণ পর বাবুইজোড়া কলোনির বাইরে গেল, আর কোত্থেকে ছোট্ট পাখিজোড়া উদয় হলো এবং বাসা ধরে ঝোলাঝুলি করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বাবুইজোড়া ফেরত এল এবং আগের মতোই ওদের তাড়িয়ে দিল। বাবুই ও ছোট্ট পাখিজোড়ার মধ্যকার বাসা দখলের নাটকের পুনরাবৃত্তি ঘটল। এরপর অনেকক্ষণ বাবুইজোড়ার দেখা নেই।খানিক পর ছোট্ট পাখিজোড়াকে আবার বাসা ধরে ঝুলতে দেখলাম।
বাসা দখলদার ছোট্ট পাখিজোড়া এ দেশের আবাসিক পাখি ‘ছোট মুনিয়া’ (Common Silverbill)। সাদা-গলা মুনিয়া, সাদা মুনিয়া বা পদ্ম মুনিয়া নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম Lonchura malabarica।
ছোট মুনিয়া মাত্র ১০ সেন্টিমিটার লম্বা। ওজন ১২ গ্রাম। মাথাসহ দেহের ওপরটা ময়লাটে বাদামি এবং গলাসহ দেহের নিচটা সাদা। বুক ও পেটে অল্প কিছু লালচে-হলুদ দাগ থাকতে পারে। কোমর সাদা, কালচে চোখা লেজ। ঠোঁট স্লেট-নীল ও পা গোলাপি।
যদিও দেশের সব গ্রামীণ এলাকা ও শহরতলিতে দেখা মেলে, তবে দুর্লভ। ১৯৮৯ সালে ছাত্রজীবনে ময়মনসিংহে প্রথম দেখি। সর্বশেষ ৮ সেপ্টেম্বর ২০১৫ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল (বাবুগঞ্জ) ক্যাম্পাসে দেখলাম। এরা একাকী, জোড়ায় বা পাঁচ-সাতটির ছোট দলে বিচরণ করে। নানা রকম শস্যদানা, বিচি ও পোকামাকড় খায়। মৃদু স্বরে ‘সিসিপ সিসিপ সিসিপ’ শব্দে ডাকে।
বছরের যেকোনো সময় প্রজনন করে, তবে শরৎ-শীতেই বেশি। ঝোপঝাড় বা তাল-খেজুরের মাথার ভেতরে ঘাস, লতা, পশম, তুলা ইত্যাদি দিয়ে ছোট গোলাকার বাসা বানায়। চার থেকে ছয়টি সাদা ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ মিলেমিশে তা দেয় এবং ১০ থেকে ১৩ দিনে ডিম ফোটে। মা-বাবা দুজনেই বাচ্চা লালন-পালন করে। এরা এ দেশে যুগ যুগ ধরে বেঁচে থাকুক।