দখলমুক্ত হয়নি ফুটপাত ভোগান্তিতে পথচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগে ফুটপাত পথচারীবান্ধব করার ঘোষণা দিয়েছিলেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী। কিন্তু বিজয়ী হাওয়ার এক বছর পরও ফুটপাত দখলমুক্ত করতে পারেননি তাঁরা। শহরের অধিকাংশ ফুটপাত দখল করে আছে দোকানপাট। এসব ফুটপাত সড়ক থেকে প্রায় এক ফুট উঁচু। শুধু তা-ই নয়, যখন-তখন যে কেউই তাঁদের ইচ্ছেমাফিক শহরের ফুটপাতে দোকান তুলছেন, পসরা বসাচ্ছেন। এই দখলপ্রক্রিয়াও বন্ধ হয়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তুলনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ফুটপাত দখলের প্রবণতা বেশি। ফুটপাত দখলমুক্ত করতে বেশি উচ্ছেদ অভিযানও চালিয়েছে ডিএসসিসি। কিন্তু কয়েক দিন যেতে না-যেতেই উচ্ছেদের জায়গাগুলো আবার দখল হয়ে গেছে। ফলে সম্প্রতি ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেছেন, হকারদের পুনর্বাসন ছাড়া ফুটপাত পথচারীবান্ধব করা যাবে না। কিন্তু কবে নাগাদ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তা তিনি বলেননি। অন্যদিকে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেছেন, কিছুদিনের মধ্যেই ডিএনসিসির মূল কিছু সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হবে।
ডিএসসিসি ও ডিএনসিসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এত ঢাকঢোল পিটিয়ে চালানো উচ্ছেদ অভিযানের ফলাফল শূন্য। এতে কোনো কাজই হয়নি। যে কেউ ইচ্ছে হলেই ফুটপাতে দোকান দিতে পারেন না, এই বিষয়টিও নিশ্চিত করা যায়নি। এখন উপায় না দেখে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ফুটপাতেই হকারদের থাকতে বলেছেন মেয়র সাঈদ খোকন। আর এখনো পূর্ণাঙ্গভাবে উচ্ছেদ অভিযান শুরু করেননি আনিসুল হক।
গত বছরের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রার্থী হিসেবে বর্তমান দুই মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা নির্বাচিত হলে রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীবান্ধব করবেন। নির্বাচিত হওয়ার পর গত বছরের ২০ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের জন্য পুরোপুরি পরিষ্কার করার ঘোষণা দেন সাঈদ খোকন। ওই দিনই গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার দুই শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ডিএসসিসি।
এভাবে গত ছয় মাসে পুরান ঢাকার বিভিন্ন এলাকা, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, মিরপুর রোডসহ বিভিন্ন সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে তিন থেকে সাড়ে তিন হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ডিএসসিসি।
অন্যদিকে ডিএনসিসির ফার্মগেট, মহাখালী, মিরপুর-১ নম্বর, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট। এতে ফুটপাতের ৭০ শতাংশ দখল হয়ে আছে। এসব এলাকার সব ফুটপাতই সড়ক থেকে এক থেকে দেড় ফুট উঁচু। এতে সড়ক থেকে ফুটপাতে উঠতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফুটপাত দখলমুক্ত করতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। কিন্তু উচ্ছেদের কয়েক দিন পর আবার তা দখল হয়ে যায়।