দখলে দূষণে বিপন্ন বাসিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়লা-আবর্জনা ফেলে ভরাট করার কারণে একসময়ের খরস্রোতা নদী আজ হুমকির মুখে পড়েছে। স্থানীয় লোকজন বেড়া দিয়ে ময়লা ফেলে ভরাট করার পর নদীতে দোকান, বসতঘর ও বিপণিবিতান নির্মাণ করছেন। কেউ কেউ চর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এতে নদীর বিভিন্ন স্থান সরু হয়ে গেছে। নদীতে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।

দখল আর দূষণের কারণে হুমকিতে থাকা ওই নদীর নাম বাসিয়া। এটি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। নদীর ওই দূষিত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করে অসুস্থ হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার গরিব মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বলেন, শিগগিরই জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ময়লা-আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। আর অবৈধভাবে কেউ যাতে নদী দখল করতে না পারে, সে জন্য প্রশাসন সব ধরনের পদক্ষেপ নেবে।

যুক্তরাজ্যপ্রবাসী নজরুল ইসলাম বলেন, ছোটবেলার দেখা বাসিয়া আর এখনকার বাসিয়ার মধ্যে অনেক পার্থক্য। একসময় যে নদী দিয়ে লঞ্চ, স্টিমার, পালতোলা নৌকা চলত, সেই নদী দিয়ে একটি ডিঙি নৌকাও চলতে দেখা যায় না। দখল ও দূষণের কারণে আজ এই নদী তার সৌন্দর্য হারিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার নামক স্থান থেকে সুরমা নদী থেকে বাসিয়া নদীর উৎপত্তি। এটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাইকা এলাকায় কুশিয়ারা নদীতে গিয়ে শেষ হয়েছে। আগে নদীর দৈর্ঘ্য প্রায় ৪২ কিলোমিটার ও প্রস্থ ৬০ মিটার। দখল হয়ে যাওয়া নদীর কিছু কিছু স্থানে প্রস্থ কমে ৩০ থেকে ২৫ মিটার হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান নেই। তাই উপজেলা শহরের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের এবং স্থানীয় লোকজন তাঁদের বাড়ির ময়লা-আবর্জনা বাসিয়া নদীতে ফেলছেন। পাশাপাশি কিছু প্রভাবশালী ব্যক্তি সম্পূর্ণভাবে দখলের উদ্দেশ্যে নদীতে ময়লা-আবর্জনা ফেলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নদী দখল করার জন্য ভূমিখেকোরা প্রথমে বাঁশ দিয়ে বেড়া তৈরি করেন। পরে বেড়ার ভেতরের জায়গায় ময়লা-আবর্জনা ও ছাই ফেলেন। বর্ষাকালে নদীতে পানি বাড়লে পানির সঙ্গে আসা পলি আটকে নদীর জায়গা দখল করে নিজেদের সীমানা বৃদ্ধি করেন। একপর্যায়ে তাতে নির্মাণ করা হয় বিপণিবিতান ও বসতঘর। উপজেলার প্রায় ২৫০ এভাবে নদীর জমি দখল করেছেন। এর মধ্যে প্রায় ৫০ জন ময়লা-আবর্জনা ফেলে নদী দখল করেছেন। আর বাকিরা চর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন।

এভাবে নদীর জমি দখল করে পাকা ভবন নির্মাণকারী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যক্তিমালিকানাধীন জায়গার পেছনের অংশে থাকা নদীর ভরাটকৃত চর অংশটুকুর মালিকানা ও দখলে ওই মালিকের অধীনে চলে আসে। এর অংশ হিসেবে ওই মালিক ওই ভূমিতে নিজের ইচ্ছানুযায়ীই পাকা কিংবা আধা পাকা দোকান কোঠা কিংবা দ্বিতল দালানকোঠা নির্মাণ করে থাকেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অবৈধ দখল, পাশাপাশি অনেকেই নদীর জমি একসনা বন্দোবস্ত এনে তাতে অবৈধভাবে নির্মাণ করছেন পাকা দালান। মেয়াদ ফুরিয়ে গেলেও তা আর নবায়ন করেননি অনেকে। আবার অনেকেই আদালতে মামলা করছেন সেই জমি স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য।

নদীর চর দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন আবুল খায়ের। তিনি দাবি করেন, ‘ব্যক্তিমালিকানাধীন ও নদীর চরের জমিতে দালান নির্মাণ করেছি। সরকারি অংশটুকু বন্দোবস্ত নেওয়া হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু হলে আবেদন করা হবে।’

বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির মিয়া বলেন, ‘নির্দিষ্ট কোনো স্থান না থাকায় বাধ্য হয়েই আমাদের দোকান ও বাজারের ময়লা-আবর্জনাগুলো নদীতেই ফেলতে হচ্ছে। তবে আমরা বিকল্প কোনো স্থানে ময়লা-আবর্জনা ফেলার চেষ্টা করছি।’

ক্রীড়াবিদ নির্মল নন্দী, সংগঠক রফিক হাসান ও ব্যবসায়ী আবুল হোসেন বলেন, এখনই বাসিয়াকে রক্ষার জন্য যথাযথ প্রদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে তাঁদের কঠিন সমস্যায় পড়তে হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে।