দখল-দূষণের কবলে কলাতিয়া খাল

ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া খালের বিভিন্ন জায়গা দখল হয়ে গেছে। কোথাও খাল ভরাট করা হয়েছে। কোথাও খালের পাড়ে দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। খালে ময়লা-আবর্জনাও ফেলা হচ্ছে। খালে পাঁচটি জলকপাট (স্লুইসগেট) থাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
জানা গেছে, কেরানীগঞ্জে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ কলাতিয়া খালটি ৩০০ বছরের পুরোনো। এই খাল দিয়ে বুড়িগঙ্গা নদী থেকে সরাসরি ধলেশ্বরী নদীতে নৌযান চলাচল করত। বর্তমানে খালের দুই-তিন কিলোমিটারের অনেক জায়গা ভরাট করা হয়েছে। এ ছাড়া নিমতলী, নাজিরপুর, মিঠাপুর, ভাওয়াল ও আকছাইল এলাকায় পাঁচটি জলকপাট নির্মাণ করায় খালটিতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। কৃষকেরা জমিতে সেচ দিতে পারছেন না। এ ছাড়া তারানগর থেকে জয়নগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটারে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে গেছে।
৬ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, খালে পানির প্রবাহ প্রায় বন্ধ। তারানগর ইউনিয়নের মতিনগর, ঘুইটা, বান্দেরহাট এলাকায় খালে মাটি ভরাট করায় এটি সরু হয়ে গেছে। ঘুইটা এলাকায় জনৈক জসিম উদ্দিনের লোকজন খালের তীরে দেয়াল নির্মাণ করেছেন। বান্দেরহাট এলাকায় খালের তীরে ‘নিউ ভিশন ইকো সিটি’ আবাসন প্রকল্পের একটি ডুপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। নিশানবাড়ি এলাকার কাছে ঢাকা মিশন স্কুলের উল্টো দিকে খালের তীরে মাটি ফেলে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কলাতিয়া বাজার এলাকায় জোড়া সেতুর কাছে খালের ওপর টংঘর নির্মাণ করা হয়েছে। বাজারের ময়লা-আবর্জনা ফেলায় খালের পানি কালচে হয়ে গেছে।
তারানগর এলাকার একাধিক বাসিন্দা জানান, প্রায় ১০ বছর আগে তারানগর এলাকায় মাটি ফেলে খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে তারানগর থেকে জয়নগর পর্যন্ত খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এই সুযোগে স্থানীয় কিছু ভূমিদস্যু ভরাট করা খালের জায়গা প্লট আকারে বিক্রি করছে।
কলাতিয়া এলাকার বাসিন্দা সংস্কৃতিকর্মী সৈয়দ হাসানুজ্জামান বলেন, ঐতিহ্যবাহী কলাতিয়া খালটি আজ মৃতপ্রায়। দখল-দূষণে হারিয়ে যাচ্ছে এটি। জনগণের স্বার্থে খালের জলকপাট অপসারণ ও দখলদারদের উচ্ছেদ করে খালে পানির প্রবাহ স্বাভাবিক করা খুবই জরুরি।
নিশানবাড়ি এলাকার খালের তীর দখলকারী জসিম উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

নিউ ভিশন ইকো সিটি আবাসন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের কোম্পানির মালিকানাধীন ডুপ্লেক্স ভবনটি ব্যক্তিগত জায়গায় নির্মাণ করা হয়েছে, খালের জায়গায় নয়। বরং খাল থেকে প্রায় ৩০-৪০ গজ দূরে ভবনটি নির্মাণ করা হয়েছে। আমরা চাই, এলাকাবাসীর স্বার্থে অতি দ্রুত খালটি দখল ও দূষণমুক্ত করে সেখানে পানির প্রবাহ সৃষ্টি করা হোক।’
কলাতিয়া বাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, এখানে প্রভাবশালীরা জোরপূর্বক খালের জায়গা দখল করে স্থাপনা ও দোকানপাট নির্মাণ করছে। সরকার যদি খালটি রক্ষায় এগিয়ে না আসে, তবে খালটি হারিয়ে যাবে।
কেরানীগঞ্জ মডেল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান প্রথম আলোকে বলেন, কেরানীগঞ্জের কোনো খাল বা জলাশয়কে দখল-দূষণ করতে দেওয়া যাবে না। কলাতিয়া খালটি দখল ও দূষণের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। দখলদার যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।