দশমিনায় বাড়িঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বইন্যার বাতাসে মোগো ঘর ভাইঙ্গাচুইরা শেষ। ঘর চাপা পইরা মায় মইরা গেল। বুড়া বাপ, স্ত্রী-সন্তান লইয়া এহন কোনহানে আশ্রয় নিমু!’ কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন শারীরিক প্রতিবন্ধী শহিদুল সরদার (২৮)। শহিদুলের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বয়ে যাওয়া ঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে মারা যান শহিদুলের মা নয়াবিবি (৫৫)। প্রতিবন্ধী শহিদুল ফেরি করে সংসার চালাতেন। বাবা সুন্দর আলী সরদার (৭০) অসুস্থ। ছোট ভাই সেলিম ঢাকায় রিকশা চালান। ঘরে স্ত্রী শাহনাজ বেগম (২২) ও তিন বছরের শিশুপুত্র আলীকে নিয়ে অভাবের সংসার শহিদুলের। শুক্রবার রাতের ঝড়ে মায়ের মৃত্যু এবং বসতঘর লন্ডভন্ড হয়ে শহিদুলের আশ্রয়হীন পরিবার এখন দিশেহারা।
শুধু শহিদুলই নয়, পটুয়াখালীর দশমিনা উপজেলায় এই ঝড়ে উপজেলার অর্ধশতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত ও দুই শতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। ঝড়ে বসতঘর হারিয়ে এই পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার দশমিনা, চর বোরহান, বাঁশবাড়িয়া ও রণগোপালদী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দশমিনা ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রাম। এই গ্রামে পাশাপাশি অন্তত ১০টি ঘর বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। শহিদুলের পাশের বাড়িটি লাইজু বেগমের (৩০)। তিনি জানান, তাঁর স্বামী রহিম খাঁ ঢাকায় রিকশা চালান। দুই ছেলে নিয়ে তাঁদের অভাবের সংসার। বসতভিটা ছাড়া আর কোনো জায়গা-জমি নেই তাঁদের। ঝড়ে একমাত্র আশ্রয়স্থল ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন তাঁরা। ১০ কেজি চাল সাহায্য পেয়েছেন লাইজু বেগম। তবে তাঁর এখন বেশি প্রয়োজন বসতঘরটি।
ঝড়ে ক্ষতিগ্রস্ত শহিদুল জানান, মায়ের মৃত্যুতে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা পেলেও মাথা গোঁজার ঠাঁই না হওয়ায় এখন ভীষণ অনিশ্চয়তায় আছেন তিনি।
এদিকে সৈয়দ জাফর গ্রামেও বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গ্রামের জাহানারা বেগমের বসতঘরটিও ঝড়ে বিধ্বস্ত হয়। জাহানারা বেগম (৪০) জানান, তাঁর দুই ছেলে নদীতে মাছ ধরে সংসার চালান। আশ্রয় বলতে তাঁদের বসতঘরটি। কিন্তু ঝড়ে সেই বসতঘর বিধ্বস্ত হওয়ায় এখন তাঁরা পুরোপুরি আশ্রয়হীন হয়ে পড়েছেন।
দশমিনা ইউপির চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর ইউনিয়ন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে এখন সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া ঘরবাড়ির আশ্রয়হীন ব্যক্তিদের।
দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম বলেন, ঝড়ের পর তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নে গত দুই দিনে ১২ টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলায় প্রাথমিকভাবে ৫০টির মতো বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।