দাবদাহ শুরু, চলতে পারে আরও এক সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র গরমে তরমুজ খেয়ে শীতল হওয়ার চেষ্টা করছেন অনেকেই। ছবিটি সিলেট নগরের সুরমা পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
তীব্র গরমে তরমুজ খেয়ে শীতল হওয়ার চেষ্টা করছেন অনেকেই। ছবিটি সিলেট নগরের সুরমা পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

সপ্তাহের শুরুতে ছিল মেঘলা আকাশে দমকা হাওয়ার খেলা। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া আর তুমুল বৃষ্টি। আবার সপ্তাহান্তে দাবদাহ। একী শুরু হলো! আবহাওয়ার রূপ বদলে গিয়ে খরতাপে যেন পুড়িয়ে মারছে মাঠ-ঘাট-জনপদ।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গ্রীষ্ম শুরু না হলেও দেশের কয়েকটি স্থানে দাবদাহ শুরু হয়ে গেছে। আজ ওই দাবদাহ দেশের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
তবে দেশের আবহাওয়ার ৩০ বছরের মাসওয়ারি তাপমাত্রার হিসাব করলে এপ্রিল সবচেয়ে উষ্ণতম মাস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে রাজধানীর গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। দেশের অন্যান্য অঞ্চলের গড় তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই সময়ে মাঝেমধ্যে বৃষ্টি হলেও মাসের বেশির ভাগ সময়ে খরতাপ থাকে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি—চুয়াডাঙ্গায়। রাজধানীর তাপমাত্রাও কম ছিল না—দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যশোর, সিলেট ও চুয়াডাঙ্গা ছাড়া আর কোথাও বৃষ্টি হয়নি। তাপমাত্রার মতো বৃষ্টিপাতও আজ বেশি হয়েছে সেই চুয়াডাঙ্গাতেই—৩০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহজুড়ে এই খরতাপ থাকতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এর মধ্যে দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টি হওয়া এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রাজশাহী, পাবনা, ফরিদপুর ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আর এই দাবদাহের এই রুদ্ররূপ দেশের ওই জেলাগুলোর পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তবে কুমিল্লা অঞ্চল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকা শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।