দাবদাহে শরীর চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবদাহে ঘরের বাইরে বেরোনো যায় না। খেটে খাওয়া মানুষেরা আছেন সবচেয়ে কষ্টে। কাজ না করলে তাঁদের সংসার চলে না। আবার কাজে নামলেও অসহনীয় গরমের কাছে অসহায় তাঁরা। শরীর যেন কিছুতেই কাজে সায় দেয় না।
গতকাল মঙ্গলবার রংপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেশ কজন দিনমজুরের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। তাঁদের তথ্যমতে, গরমে অনেক দিনমজুরই ঘরবন্দী হয়ে আছেন। তাঁরা বাইরে বেরোনোর সাহস পান না।
দুপুর সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত এক ঘণ্টা শহরের ধাপ শিমুলবাগ ও কেরানীপাড়া চারমাথা মোড়ের দুটি শ্রমবাজার ঘুরে দেখেন এই প্রতিবেদক। সেখানে দিনমজুরের উপস্থিতি ছিল খুবই কম। আগে দুই বাজারে প্রতিদিন যেখানে ১০০-১২০ জনের মতো দিনমজুর উপস্থিত হতেন, সেখানে এক সপ্তাহ ধরে জড়ো হচ্ছেন মাত্র ২০-২৫ জন।
শহরের ধাপ শিমুলবাগ এলাকায় গাছের নিচে ১০-১২ জন দিনমজুর বসে গল্প করছিলেন। তাঁদের সঙ্গে ছিল ডালি-খন্তা-দা। তবু প্রচণ্ড গরম আর কম মজুরির কারণে তাঁরা কাজে যাননি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বগেট এলাকায় কথা হয় দিনমজুর আয়নাল মিয়ার সঙ্গে। তিনি মাটি কাটার কাজ করেন। বললেন, ‘এত রইদ দেখিয়া ভয়ে আইজ কামোত যাই নাই। গেল দিনের কাম করিয়া কয়টা টাকা আছে তায় দিয়া চলি যাইবে।’ শহরের কেরানীপাড়া চারমাথা মোড়ে গিয়ে দেখা যায়, মাত্র তিনজন দিনমজুর সেখানে বসে আছেন। অথচ প্রতিদিন এখানে ৫০-৬০ জন দিনমজুর আসতেন। কিন্তু কয়েক দিন ধরে তা কমতে কমতে ১০-১২ জনে এসে ঠেকেছে। গরমের কারণে অনেকেই কাজ বাদ দিয়েছেন।
এদিকে রংপুর আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গতকাল রংপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।