দিনভর বৃষ্টিতে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে কক্সবাজারের বঙ্গোপসাগরের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। মেঘ ও বাতাসের জন্য যে এই দূরত্ব কত সামান্য, তা গতকালের আকাশ দেখেই বোঝা গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে তৈরি গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে গতকাল শুক্রবার রাজধানীর শরতের নীলাকাশ দিনভর কালো মেঘে ঢাকা ছিল। এতে সারা দিনই বৃষ্টি হয়েছে। জনদুর্ভোগও ছিল।

নিম্নচাপের প্রভাবে আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। গতকাল ভোর থেকে রাত অবধি টানা বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গতকাল রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতেই রাজধানীর বেশির ভাগ এলাকা হাঁটুপানিতে ডুবে যায়। সড়কে যানবাহন চলাচলও থমকে গিয়ে ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয়। সকালে আকাশে কালো মেঘ ও ঝিরঝির বৃষ্টি দেখেও যাঁরা বাইরে বের হয়েছিলেন, তাঁদের সামান্য হলেও বৃষ্টিতে ভিজতে হয়েছে। দিন যত গড়িয়েছে, আকাশ থেকে নামা বৃষ্টির পানি রাজধানীর সড়ক-অলিগলিতে তত জমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ গত বৃহস্পতিবার রাতে ভারতের ওডিশা ভূখণ্ডে উঠে স্থলনিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপ ও অমাবস্যার কারণে দেশের উপকূলের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে যায়।

শুধু রাজধানী নয়, দেশের বেশির ভাগ এলাকায় গতকাল কমবেশি বৃষ্টি হয়েছে। ব্যতিক্রম ছিল শুধু রাজশাহী ও রংপুর বিভাগ। তারপরও দিনাজপুরে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৬৪ মিলিমিটার। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে তলিয়ে যায়। অনেক এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বৃষ্টির সঙ্গে আসা দমকা বাতাসে নদীপথে নৌযান চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজও রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে ও নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ শনিবার বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। আগামীকালের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল নগরে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গতকাল সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫০ মিলিমিটার। তবে গতকাল দিনভর বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত ছিল।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিসুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, স্থলনিম্নচাপে রূপ নিয়ে নিম্নচাপটি গতকাল সকালে ভারতের ওডিশা রাজ্য ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে এসে দুর্বল হয়ে যেতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে।

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিনের প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু আমন খেত নয়, গ্রামীণ জনপদেও জোয়ারের পানি প্রবেশ করেছে। মানুষের ঘরবাড়ি জোয়ারের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক নিচু এলাকার ফসলি জমির খেত, পুকুর, মাছের ঘের তলিয়ে গেছে।

পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক মো. আবদুল রাজ্জাক বলেন, জেলার অভ্যন্তরীণ সব নদীপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাবনাবাদ ও আন্ধারমানিক নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া ও মহিপুর ইউনিয়নের নিজামপুর এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ নতুন করে ভেঙে গেছে। এর ফলে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পুরান মহিপুর, নিজামপুর, কোমরপুর, সুধীরপুর, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশরবুনিয়াসহ অন্তত ১০টি গ্রাম। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে গতকাল বেলা পৌনে ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ১৭টি ফেরির মধ্যে চলছে মাত্র ৩টি। ফলে শিমুলিয়া ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

শিমুলিয়া ঘাটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. কাজল গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল প্রায় বন্ধই ছিল। তাই গত রাত থেকে চারটি ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়। গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় চাপের মাত্রা আরও অনেক বেশি হয়ে যায়। ফেরি চলাচল স্বাভাবিক না হলে যানবাহনের চাপ কমার সম্ভাবনা নেই।

কাঁঠালবাড়ি ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) নাসির উদ্দিন সরকার বলেন, ফেরির সংখ্যা কম ও ধীরগতি হওয়ার কারণে গতকাল সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল। এখনো পারাপারের জন্য ২ শতাধিক মালবাহী ট্রাক ও ৫০-৬০টি বাস ও ছোট গাড়ি অপেক্ষমাণ আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে স্বল্পসংখ্যক বড় লঞ্চে যাত্রী পারাপার করে। তবে নদীতে উত্তাল ঢেউয়ের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নৌপথে কোনো লঞ্চ চলাচল করবে না।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মো. ওয়ালিউল্লাহ বলেন, বন্দরে ৩ নম্বর সংকেত চলছে। বন্দরে বর্তমানে সার, চাল, কনটেইনারবাহীসহ মোট ১০টি জাহাজ অবস্থান করছে। বৃষ্টির মধ্যে এসব জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)