দিনাজপুরে বন্যায় ২৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চৌরঙ্গী সিনেমা হল-সংলগ্ন বড়গুড়গোলা সড়কের ওপর দিয়ে বইছে পানি। অনেকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। ছবিটি গত সোমবার তোলা। ছবি: সোয়েল রানা
দিনাজপুরের চৌরঙ্গী সিনেমা হল-সংলগ্ন বড়গুড়গোলা সড়কের ওপর দিয়ে বইছে পানি। অনেকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। ছবিটি গত সোমবার তোলা। ছবি: সোয়েল রানা

দিনাজপুরে বন্যায় গতকাল মঙ্গলবার পানিতে ডুবে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ জেলায় বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এদিকে আজ জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দিনাজপুর শহরের প্লাবিত এলাকাগুলো থেকে কোথাও ১ ফুট পরিমাণ, কোথাওবা তার চেয়ে বেশি কমেছে।

বন্যার পানিতে ডুবে গতকাল যে দুজন মারা যান তাঁরা হলেন বিরল উপজেলার রানিপুকুর ইউনিয়নের পশ্চিম পলাশ বাড়ি এলাকার আব্দুস সাত্তার (৪৮) ও একই উপজেলার পলাশ বাড়ি ইউনিয়নের ফুতিগাঁও গ্রামের মাহফুজুর রহমান (২৫) ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে , বন্যায় গত শনিবার ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন, বীরগঞ্জে ১ জন পানিতে ডুবে ও কাহারোলে সাপে কেটে ১ জন মারা গেছে। এ ছাড়া বিরলে একই পরিবার থেকে ৪ জন পানিতে ডুবে ও দেয়াল চাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। রোববার ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পানিতে ডুবে সদর উপজেলায় ২ জন এবং বিরল ও বীরগঞ্জে ১ জন করে আর নবাবগঞ্জে ১ জন দেয়াল চাপা পড়ে মারা গেছে । ১৪ তারিখ ৬ জন পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে চিরিরবন্দরে ৪ জন, বীরগঞ্জ ও নবাবগঞ্জে ১ জন করে।

আজ দিনাজপুর শহরের পূর্ব এলাকা বাস টার্মিনাল, মির্জাপুর, ফকির পাড়া, বড়বন্দর নতুন পাড়া, বালুবাড়ি, ঈদগাহ বস্তি ও উপশহর এলাকায় গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কোথাও কোমর সমান কোথাওবা গলা পরিমাণ পানি ছিল, সেই সঙ্গে শহরের পশ্চিম এলাকা মাহুত পাড়া, হঠাৎ পাড়া, সাদুর ঘাট ও পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার পানি আড়াই থেকে তিন ফিট পর্যন্ত নেমে গেছে। জেলার ১৩টি উপজেলার মধ্যে দিনাজপুর সদর, বিরল, কাহারুল, বীরগঞ্জ, খানসামা ও চিরিরবন্দর বেশি আক্রান্ত হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বন্যার্তদের জন্য ৩২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেগুলোতে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বাকিরা বাইরে।

দিনাজপুর উপশহরের সাদিকা তাসনিম বলেন, গতকাল রাত পর্যন্ত আমাদের বাড়িতে কোমর সমান পানি ছিল। আজ নেমে হাঁটুর কাছে চলে এসেছে ।

মাহুত পাড়া এলাকার রফিক প্লাবন জানান, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত প্রায় ৪ ফুট পরিমাণ পানি নেমে গেছে ।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুরজ্জামান জানান, আজ সকাল ৯ টা পর্যন্ত দিনাজপুরের পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে জেলার আত্রাই নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়েছে। জেলার পাশাপাশি অন্যান্য উপজেলাতেও পানি অনেকটা নিচে নেমে গেছে ।