দুই উপজেলার নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িঘরে পানি ওঠায় নৌকায় মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে একটি পরিবার। ছবিটি গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী গ্রাম থেকে তুলেছেন আব্দুল মোমিন
বাড়িঘরে পানি ওঠায় নৌকায় মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে একটি পরিবার। ছবিটি গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী গ্রাম থেকে তুলেছেন আব্দুল মোমিন

মানিকগঞ্জে যমুনা ও পদ্মার পানি কমলেও অন্য নদ-নদীতে পানি বাড়ছে। এতে নতুন করে জেলা সদর এবং ঘিওর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন, আর দুই দিন পানি বাড়তে পারে।

গতকাল শনিবার সন্ধ্যায় যমুনা ও কালীগঙ্গা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্র জানায়, যমুনা ও পদ্মায় পানি বাড়ার কারণে পাঁচ দিন ধরে দৌলতপুর, হরিরামপুর ও শিবালয় উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়। তবে এ দুটি নদীতে পানি কমলেও গত দুই দিনে জেলার অন্য নদ-নদীতে আশঙ্কাজনক হারে পানি বৃদ্ধি পেয়েছে। এতে গতকাল নতুন করে ঘিওর উপজেলার সব কটি ইউনিয়ন এবং জেলা সদরের ছয়টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার সাত শতাধিক হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। দুই সহস্রাধিক ঘরবাড়ি এবং বিভিন্ন সড়ক ও রাস্তাঘাটে পানি উঠে পড়েছে। অর্ধশতাধিক পুকুর নিমজ্জিত হয়েছে। এসব এলাকার বানভাসী মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।

নৌকায় চলাফেরা করছেন ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার বন্যাকবলিত মানুষ। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
নৌকায় চলাফেরা করছেন ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার বন্যাকবলিত মানুষ। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, দুই দিন ধরে দৌলতপুর ও শিবালয় উপজেলায় যমুনা এবং হরিরামপুরের পদ্মায় পানি কমতে শুরু করে। গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় যমুনার আরিচা পয়েন্ট ৪ সেন্টিমিটার পানি কমলেও তা বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে গত দুই দিনে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতী নদীতে আশঙ্কাজনকভাবে পানি বেড়েছে। গতকাল সকাল ছয়টায় কালীগঙ্গা নদীর ঘিওরের তরা পয়েন্টে পানি ছিল ৯ দশমিক ১৭ মিটার। সন্ধ্যা ছয়টায় ১২ ঘণ্টায় সেখানে ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সন্ধ্যায় কালীগঙ্গার এই পয়েন্টে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এতে ঘিওরের আটটি ইউনিয়নের সব কটি এবং জেলা সদরের ছয়টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে।

বন্যার পানিতে ডুবে গেছে মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বন্যার পানিতে ডুবে গেছে মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ঘিওর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জানান, ঘিওর উপজেলার অন্তত দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বন্যার পানিতে কমপক্ষে ৩৩০ হেক্টর জমির ফসল এবং ২৫টি পুকুর তলিয়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার বলেন, বন্যার পানিতে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের সহস্রাধিক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এ ছাড়া অসংখ্য রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে পানিবন্দী এসব পরিবারের মাঝে ত্রাণ সহায়তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে দুটি ইউনিয়নে দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।