দুই ঘণ্টার বৃষ্টিতেই সয়লাব সাভার পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই ঘণ্টার টানা বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে ঢাকার সাভার পৌরসভা। গতকাল বৃহস্পতিবারের বৃষ্টিতে পৌরসভার অধিকাংশ এলাকার দোকানপাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। তলিয়ে যায় রাস্তাঘাট। হঠাৎ জলাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন নাগরিকেরা।
সরেজমিনে দেখা গেছে, প্রবল বর্ষণে পৌর এলাকার ব্যাংক কলোনি, বাজার রোড, জালেশ্বর, রাজাসন রোড ও ইমান্দিপুর মহল্লার কোথাও কোমরপানি, কোথাও হাঁটুপানি জমে আছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পানি উঠে পড়ায় অনেক বিদ্যালয় নির্দিষ্ট সময়ের আগেই ছুটি ঘোষণা করে। তখন পানিতে ভিজেই বাসায় ফেরে শিক্ষার্থীসহ অভিভাবকেরা।
সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী ঘোষ বলেন, শিক্ষার্থীর তুলনায় তাঁর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ অপ্রতুল। দুটি ভবনে পানি ঢুকে পড়ায় গতকাল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা সম্ভব হয়নি।
সাভার উত্তরপাড়ার মনির হোসেনের স্ত্রী রেহানা বেগম বলেন, তাঁর ছেলে রায়হান হোসেন ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলে দশম শ্রেণিতে পড়ে। স্কুল ছুটির পর গতকাল ছেলেকে নিয়ে কোমরপানি ভেঙে বাসায় ফিরতে হয়েছে। তাঁর মতো, আরও অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে এমন দুর্ভোগের মধ্যে পড়েন।
ব্যাংক কলোনির বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, স্বাভাবিক বৃষ্টি হলেই পুরো ব্যাংক কলোনির রাস্তাঘাট পানিতে সয়লাব হয়ে যায়। আর প্রবল বর্ষণে দোকানপাট ও বাসায় পানি ঢুকে পড়ে।
একই এলাকার বাসিন্দা আইনজীবী সোহেল আল-মামুন বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকাসহ সাভার পৌর এলাকার অধিকাংশ মহল্লায় রাস্তাঘাট ও পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন করা হয় না। এ কারণে বৃষ্টির পানি বের হতে না পারায় নাগরিকেরা পানিবন্দী হয়ে পড়েন।
এ প্রসঙ্গে সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ বলেন, রাস্তার পাশে নির্মাণসামগ্রী রাখার কারণে নর্দমাগুলো ভরাট হয়ে গেছে। এ কারণে বৃষ্টির পানি দ্রুত বের হতে পারে না। নাগরিকদের এই দুর্ভোগ লাঘবে নর্দমাব্যবস্থার আরও উন্নয়ন করা প্রয়োজন।