
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ৫২টি গ্রাম ও আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে।
এদিকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদের ২০০ ফুট বাঁধ ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নালিতাবাড়ী ও মরিচপুরান ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
গতকাল রৌমারীর বন্যাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলার পূর্ব পাশ থেকে রাজীবপুর উপজেলা সদর ইউনিয়ন পর্যন্ত পাঁচটি ইউনিয়নের ৫২টি গ্রামের শতাধিক বাড়ি ও বারবান্দা আনন্দ বাজারে পানি উঠেছে। ইউনিয়নগুলো হলো রৌমারী সদর, দাঁতভাঙ্গা, যাদুরচর, শৌলমারী ও রাজীবপুর সদর। এ ছাড়া আটটি স্কুলে দুই থেকে তিন ফুট পানি উঠেছে। স্কুলগুলো হলো পুরাতন যাদুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাহাড়তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর লালু কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকবান্দা নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বরাইবাড়ী বিজিবি সীমান্ত ফাঁড়িতে যাওয়ার পাকা সড়কের এ অংশ ভেঙে গেছে। জিঞ্জরাম নদ দিয়ে বয়ে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মান্নান।
উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে পুরাতন যাদুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়, পূর্ব দিক থেকে জিঞ্জিরাম নদের পানি স্কুলের ওপর দিয়ে বয়ে চলেছে। প্রায় তিন ফুট উচ্চতায় পানি বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম জানান, চার দিন আগে হঠাৎ পাহাড়ি ঢল শুরু হয়। পাশের বাওয়াই গ্রামসহ স্কুলে পানি ওঠে। রোববার থেকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদীর পানি বাড়ছে।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী গতকাল বিকেলে জানান, এ ইউনিয়নে ৪২টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কাঁচা রাস্তায় পানি উঠেছে। এখান পর্যন্ত কোনো ত্রাণ পাইনি। ইউএনও আবদুল মান্নান বলেন, ‘পানি বৃদ্ধি অব্যাহত আছে। বৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের খোঁজখবর রাখতে বলেছি। বন্যাদুর্গত মানুষের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।’
গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া জানান, গতকাল বুধবার ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি কমেছে। পানি কমলেও বন্যাকবলিত এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা চালু হয়নি। বিশেষত কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, বন্যাকবলিত সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সদর উপজেলায় তিন লাখ টাকা এবং ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই এসব বিতরণ করা হবে।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, উপজেলায় মঙ্গলবার রাত আটটার দিকে ভোগাই নদের খালভাঙ্গা এলাকায় বাঁধের ২০০ ফুট ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকে নালিতাবাড়ী ইউনিয়নের তিনটি এবং মরিচপুরান ইউনিয়নের ১৭টি গ্রামে পানি উঠেছে। ওই সব এলাকার দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
খালভাঙ্গা গ্রামের কৃষক আবদুল মজিদ (৫৫) জানান, ‘প্রতিবছর নদীর এক জায়গায় ভাঙে। মেরামতের নামে চেয়ারম্যান যে টেহা খরচ করে, তা দিয়া কিছুই অয় না। আমরা চাই বান্দের একটা স্থায়ী বন্দোবস্ত হোক।’
নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আশরাফ আলী বলেন, ‘গত বছর দুই লাখ টাকা খরচ করে বাঁধের কাজ করা হয়েছে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় বাঁধটি ভেঙে গেছে।’
{প্রতিবেদন তৈরি করেছেন সফি খান, কুড়িগ্রাম; শাহাবুল শাহীন, গাইবান্ধা ও আবদুল মান্নান, নালিতাবাড়ী (শেরপুর)}