দুই জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে মো. সোলেমান মিয়া (৬০) নামের এক জেলে ও বালু মিয়া (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই দিন চাঁদপুরের ফরিদগঞ্জে হানিফ তালুকদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সরাইল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, করাতকান্দি গ্রামের জেলে সোলেমান গতকাল সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চুন্টা ইউনিয়নের হাওর এলাকায় মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নাসিরনগরের মনকুড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার চাতলপাড় ইউনিয়নের মনকুড়া গ্রামের কৃষক বালু মিয়া ও তাঁর চাচা আশু মিয়া (৭০) গতকাল সকালে বাড়ির পাশে ফসলি জমি দেখতে যান। এ সময় বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে বালু মারা যান। ফরিদগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানুয়া এলাকায় গতকাল দুপুরে বজ্রপাতে কৃষক হানিফ তালুকদারের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।