দুই দেশ মিলে বাঘ বাঁচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুন্দরবনের বেঙ্গল টাইগার রক্ষায় যৌথ অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ভারত। প্যারিসের বিশ্ব জলবায়ু সম্মেলনের সভায় গতকাল বুধবার এই অঙ্গীকার করা হয়। কপ-২১ সম্মেলনকেন্দ্রে ভারতীয় প্যাভিলিয়নে অনুষ্ঠিত ওই সভায় বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন এবং ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাবেদকার এক সুরে বাঘ রক্ষার যৌথ ঘোষণা দেন।
ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা নিয়ে সভাটি অনুষ্ঠিত হলেও এর পুরো অংশজুড়েই ছিল সুন্দরবন ও বেঙ্গল টাইগার রক্ষার বিষয়টি। জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন এ দুই দেশের উপকূলের মানুষের জীবন-জীবিকার মতো বাঘের জীবন রক্ষায়ও দুই দেশের বিশেষজ্ঞ ও নাগরিক সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয় সভায়। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ভারত-বাংলাদেশ সুন্দরবন রক্ষা প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ভারতের পরিবেশমন্ত্রী জাবেদকার বলেন, ‘সুন্দরবন ভারত ও বাংলাদেশ দুই দেশেই রয়েছে। মানুষের মতো বনেও সীমানা রয়েছে, কিন্তু বাঘের জন্য কোনো সীমানা বেঁধে দেওয়া নেই। এই বাঘ যাতে দুই দেশেই ভালোমতো বিচরণ করতে পারে, সে জন্য আমরা দুই দেশ একত্রে কাজ করব।’
ভারতীয় পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘আমি দেশে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলব। যাতে বাংলাদেশের মন্ত্রী ও বন বিভাগের সঙ্গে তিনি সুন্দরবন ও বাঘ রক্ষায় দ্রুত বৈঠক করেন, উদ্যোগ নেন।’
সভায় বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আমরা দুই দেশ সুন্দরবন ও বাঘ রক্ষায় যে উদ্যোগ শুরু করেছি, তা অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে বাঘ রক্ষায় দুই দেশ আরও নতুন নতুন উদ্যোগ নেবে।’
সভায় দেওয়া বক্তৃতায় বিশ্ব বন্য প্রাণি তহবিলের (ডব্লিউডব্লিউএফ) ভারতীয় প্রতিনিধি অনুরাগ ডানডা বলেন, সুন্দরবন-সংলগ্ন এলাকার ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যা দুই দেশেরই দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর চেয়ে বেশি। দরিদ্র জনগোষ্ঠীর চাপ সুন্দরবনের ওপরে পড়ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হয়েছে। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় আমাদের বাড়তি মনোযোগ ও উদ্যোগ নিতে হবে।
এদিকে গতকাল সম্মেলনে মন্ত্রী পর্যায়ের সমঝোতার আলোচনায় প্যারিস চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলে। গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে প্যারিস চুক্তির চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়ার কথা রয়েছে। খসড়ায় এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রির মধ্যে রাখার প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।
গতকাল বাংলাদেশ থেকে আসা পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর সংসদীয় দলের জোট নরডিক পার্লামেন্টের সঙ্গে বৈঠক করেছে। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি হাসান মাহমুদ নেতৃত্ব দেন।
হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, নরডিক দেশগুলো ইতিমধ্যে ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশকে জলবায়ু খাতে সহায়তা দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য বলা হলে নরডিক পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এ জন্য বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির দরকার হবে। বাংলাদেশের পক্ষ থেকে সেই চুক্তি সম্পাদনের জন্য নরডিক পার্লামেন্টের কাছে অনুরোধ জানানো হয়েছে।